ইউরোপীয় ইউনিয়নে একঘরে ব্রিটেন
ঋণসংকট মোকাবিলায় এবং নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। আর শুধু দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় চুক্তির বাইরে থেকে যাচ্ছে যুক্তরাজ্য।গত দুই বছর আগে গ্রিসে শুরু হওয়া ঋণসংকট একে একে আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল ও ইতালিতে ছড়িয়ে পড়ে। বাদ যায়নি ফ্রান্স এবং জার্মানিও। সংকট মোকাবিলায় ৮ ও ৯ ডিসেম্বর, এ বছরে অষ্টমবারের মতো ব্রাসেলসে মিলিত হয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আর এ বৈঠকেই দেশের স্বার্থ রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের চুক্তিতে ভেটো দেন।আর এর পরে ইউরোপের বেশির ভাগ দেশ চুক্তি-বিষয়ক আলোচনা চালিয়ে গেলেও গত শুক্রবারের বৈঠকে ক্যামেরন একা হয়ে পড়েন। ১০ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ক্যামেরনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির হাত না মেলানোর ঘটনা তারই বহির্প্রকাশ।অভিন্ন মুদ্রা এবং সেনজেন সীমান্ত চুক্তির সঙ্গে একমত না হওয়ায় আগে থেকেই ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে ব্রিটেনের একটি শীতল সম্পর্ক ছিল।বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যে চুক্তিতে পরিবর্তন চায় সে সম্পর্কে ক্যামেরন বৈঠকের শুরু থেকেই জানতেন। তিনি নিজেও পরিবর্তন চান, কিন্তু এ পরিবর্তনের বদলে ব্রিটেনের স্বার্থ কীভাবে বজায় থাকবে তা নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন ছিলেন।বৈঠকে উপস্থিত অপর সূত্রের মতে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটি শক্তিশালী ইউরো অঞ্চলের ব্যাপারে একমত হওয়া, এরপর সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মপরিকল্পনা করা। কিন্তু ডেভিড ক্যামেরন ইউনিয়নভুক্ত দেশগুলোর এ লক্ষ্যের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, যার ফলে আলোচনাও ভেস্তে যায়। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন একঘরে হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।