ইউরোপে অসহায় হয়ে পড়েছে বিমান পরিবহনব্যবস্থা
আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাতের কারণে অসহায় হয়ে পড়েছে ইউরোপের বিমান পরিবহনব্যবস্থা।ইউরোপের বড় বড় বিমান সংস্থার সমালোচনা ও চাপের মুখে গত রোববার সন্ধ্যা থেকে ইউরোপে বিমান চলাচল পুনরায় শুরুর সিদ্ধান্ত হলেও এক ঘণ্টা পর তা বাতিল করা হয় গতকাল স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত। ইউরোপের আকাশে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে নিষেধাজ্ঞা পুনরায় বহাল করেছে বিভিন্ন দেশের পরিবহন মন্ত্রণালয় এবং ইউরোপ-ভিত্তিক ৩৮টি দেশের বিমানপথের নিয়ন্ত্রক সংস্থা ‘ইউরোকন্ট্রোল’।বিমান চলাচলে স্মরণকালের বৃহত্তম সংকট মোকাবিলায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রী ও বিশেষজ্ঞরা গত সোমবার ভিডিও কনফারেন্স করেছেন।পাঁচ দিন ধরে ইউরোপের আকাশে বিমান চলাচল বন্ধ থাকার কারণে সারা বিশ্বের লাখ লাখ ভ্রমণকারী বিভিন্ন স্থানে আটকা পড়েছে এবং বিমানপথে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্যের সংকট শুরু হয়েছে।আগ্নেয়গিরি ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, আকাশে ছাইয়ের পরিমাণ মাপার জন্য তাঁদের কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে মাত্রা এবং ছাইমেঘের অবস্থান নির্ণয় ছাড়া আপতত কোনো পথ নেই। তার পরও লন্ডনের ভলকান সেন্টার (আগ্নেয়গিরি গবেষণাকেন্দ্র) শুক্রবার আকাশে গবেষণা বিমান পাঠিয়েও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। একইভাবে আগামী সোমবার জার্মানির মহাকাশ সংস্থা ব্রাভেরিয়া প্রদেশ থেকে একটি বিশেষ গবেষণা বিমান পাঠিয়ে আকাশে ছাইয়ের পরিমাণ এবং বিমান চলাচলের নিরাপত্তার হুমকি নিয়ে গবেষণা করবে।রোববার ঘণ্টাখানেকের নিষেধাজ্ঞা উঠে পুনরায় তা বলবত্ হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন জার্মান পরিবহনমন্ত্রী রামস্যাউয়ার। মন্ত্রী বলেছেন, বিমানপথ সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার পক্ষে থাকবেন তিনি। পাঁচ দিন ধরে ইউরোপের বিমানপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউরোপের আন্তদেশীয় ট্রেনগুলো চাপের মুখে পড়েছে। অতিরিক্ত ট্রেন চালিয়েও সংকট কাটানো যাচ্ছে না। বিভিন্ন স্থানে আটকে পড়া ভ্রমণকারীরা বিকল্প পথে তাদের গন্তব্যে ফিরতে বাধ্য হচ্ছে। ফ্রান্সে বিমান পরিবহন সংকটের সঙ্গে সঙ্গে রেল ধর্মঘট শুরু হওয়ায় সে দেশে পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে।বিমান সংস্থাগুলোর কোটি কোটি ডলার ক্ষতির মুখে স্ক্যান্ডিনেভিয়া এয়ারলাইনস তাদের আড়াই হাজার কর্মচারীকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে।আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে এখনো থেকে থেকে, কখনো অবিরাম অগ্ন্যুত্পাত হচ্ছে। আর এর ছাই ভেসে আসছে ইউরোপের আকাশে। এই ছাই এখন উভয় আমেরিকার দিকে ধাবিত হচ্ছে।বার্লিনে জার্মান বাংলাদেশবিষয়ক একটি সম্মেলনে অংশ নেওয়া সুলতানা কামাল, সারা কামাল, আসিফ সালেহ প্রমুখ আটকে পড়েছেন। একই সম্মেলনে আসা বাংলাদেশের পররাষ্ট্রসচিব বিমানপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সড়কপথে বার্লিন থেকে রোম হয়ে দেশে পৌঁছেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ মঙ্গলবার এক বিশেষ আবেদনে ইউরোপে অ্যাজমা ও ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের অগ্ন্যুত্পাতের ছাই থেকে সাবধানে থাকতে বলেছে।এদিকে বিশেষজ্ঞরা অতীতে অগ্ন্যুত্পাতের কারণে ইউরোপজুড়ে যে ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন।