ইউরোপে জিএসপি-সুবিধা পুনর্বিবেচনার হুঁশিয়ারি
বাংলাদেশের পোশাকশিল্পে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা, শ্রমিক ইউনিয়ন করার অধিকার দেওয়া, গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের জন্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বিতর্কে এই আহ্বানের পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, অন্যথায় তাঁরা অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বা জিএসপি-সুবিধা পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন। বিতর্কটি অনুষ্ঠিত হয় মূলত তাজরীন ফ্যাশনসে সংঘটিত অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু-পরবর্তী পোশাকশিল্প পরিস্থিতি নিয়ে। বিতর্ক শেষে এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হওয়ার কথা রয়েছে। ফ্রান্সের স্ট্রাসবার্গে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। বিতর্কের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিলের বর্তমান সভাপতি আইরিশ প্রজাতন্ত্রের ইউরোপবিষয়ক মন্ত্রী লুসিন্ডা ক্রেইটন এবং ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ বাজার, আন্তর্জাতিক সহায়তা এবং সংকট মোকাবিলাবিষয়ক কমিশনার ক্রিস্টালিনা জর্জিয়েভা আলাদা বিবৃতি দেন।লুসিন্ডা ক্রেইটন তাঁর বিবৃতিতে বলেন, বাংলাদেশের পোশাকশিল্পে নিরাপত্তার সমস্যাটি ব্যাপক এবং অহরহই এ-সংক্রান্ত আইনের লঙ্ঘন হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যেহেতু বাংলাদেশের প্রধান রপ্তানির বাজার, সেহেতু সেখানকার কারখানাগুলোর নিরাপত্তা মানের দৈন্য ইউরোপের জন্য একটা উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। মিস ক্রেইটন আরও জানান, এ ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে কমিশনের হাতিয়ার হচ্ছে বাণিজ্য-সুবিধা। অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বা জিএসপি-সুবিধা কখনোই প্রত্যাহার করা হবে না—এমনটি যাঁদের ধারণা, তাঁদের জেনে রাখা প্রয়োজন যে বার্মা ও বেলারুশের ক্ষেত্রে জিএসপি বাতিল করা হয়েছিল। শ্রম এবং মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক ২৭টি সনদ বা কনভেনশন যেসব দেশ মেনে চলে, তাদেরকে ‘জিএসপি প্লাস ওয়ান’ নামে বাড়তি সুবিধা দেওয়ার যে পদ্ধতি চালু আছে, তার উল্লেখ করে তিনি জানান, শ্রীলঙ্কার ক্ষেত্রে এটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কমিশনার ক্রিস্টিয়ানা জর্জিয়েভা বলেন, কমিশনের পক্ষ থেকে নিয়মিত এসব বিষয়ে বাংলাদেশের সরকার এবং কারখানার মালিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে যে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়, সেখানেও এ প্রসঙ্গটি আলোচিত হয়েছে। কমিশনের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। তিনি বাংলাদেশের সরকার, পোশাকশিল্পের মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যকার ত্রিপক্ষীয় বিবৃতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাজরীনের মতো অঘটনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া যায় না। তবে, আয়ারল্যান্ডের প্রতিনিধি পল মারফি এই ত্রিপক্ষীয় বিবৃতি যথেষ্ট নয় মন্তব্য করে বলেন, বাংলাদেশের এমপিদের প্রতি ১০ জনের একজন গার্মেন্টস কারখানার মালিক অথবা তাঁর সম্পর্কিত হওয়ায় সেখানে আইন কার্যকর হচ্ছে না। তাজরীনের মালিকের অবশ্যই বিচার হওয়া উচিত। জিনস-জাতীয় পোশাকে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে শ্রমিকেরা ক্যানসারের ঝুঁকির মুখে পড়ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সানডব্লাস্টিং’ করা বিশেষ ধরনের জিনসের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ। এখান থেকে বছরে ১০ কোটি এ ধরনের জিনস রপ্তানি হচ্ছে। তিনি সানডব্লাস্টিং নিষিদ্ধ করারও দাবি জানান। বিতর্কে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও গ্রিসের মোট ২৮ জন পার্লামেন্টারিয়ান অংশ নেন। এঁদের অধিকাংশই পরিস্থিতির উন্নয়নে কমিশনকে কঠোর এবং দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনেকে ইউরোপের বড় বড় ব্র্যান্ডের সমালোচনা করে তাদের সামাজিক দিক দিয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যের জান ল্যামবার্ট বিশেষভাবে ওয়ালমার্ট এবং গ্যাপের মতো কোম্পানিগুলো এ বিষয়ে সাড়া দিচ্ছে না বলেও অভিযোগ করেন। তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করে কারখানাগুলোতে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলোতে শ্রমিকদের অংশগ্রহণের স্বচ্ছ ব্যবস্থা চালুর ওপর জোর দেন।পুরো বিতর্কে একমাত্র যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সদস্য চার্লস ট্যানক ভিন্নমত দেন। তিনি বলেন, জোর করে কোনো সংস্কার চাপিয়ে দেওয়ার উদ্যোগ তিনি সমর্থন করেন না। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে আশ্বস্ত করেছেন যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যার স্থিতিশীলতা তার রপ্তানি-আয়ের ওপর অনেকাংশেই নির্ভরশীল। বিতর্কের শেষ পর্যায়ে অভ্যন্তরীণ বাজার এবং সেবা খাতবিষয়ক কমিশনার মিশেল বার্নিয়ে এবং আইরিশ মন্ত্রী লুসিন্ডা ক্রেইটন বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিতর্কের ইতি টানতে গিয়ে মিস ক্রেইটন বলেন, ‘পার্লামেন্ট সদস্যদের সবাই এ বিষয়ে কিছু পদক্ষেপ দেখতে আগ্রহী। সে কারণে আমরা আমাদের সাধ্যমতো সব ব্যবস্থাই নেব।’ তিনি বলেন, শ্রমিকদের অধিকার, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন দেশকে উৎসাহিত করার ক্ষেত্রে বাণিজ্য, বিশেষ করে জিএসপি-সুবিধা খুবই কার্যকর একটি মাধ্যম। তবে, মিস ক্রেইটন বলেন, কমিশন বাজার সংরক্ষণমূলক বা প্রোটেকশনিস্ট কোনো নীতি গ্রহণ করবে না। তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রধান প্রধান রাজনৈতিক গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত আনুষ্ঠানিক প্রস্তাবে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করা হয়। প্রস্তাবে বাংলাদেশ সরকারের প্রতি কারখানাগুলোর নিরাপত্তা মান যাচাই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কারখানার মালিকদের অবিলম্বে তাঁদের ভবনগুলোর বৈদ্যুতিক কাঠামো এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার আহ্বান জানানো হয়। ইউরোপীয় ব্র্যান্ডগুলোকে তাদের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনে তীক্ষ অনুসন্ধান পরিচালনা এবং সাব-কন্ট্রাক্টরদের কাজের জায়গায় পেশাগত নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়। বেআইনিভাবে অথবা ভুয়া নিরাপত্তা সনদ জোগাড় করার কারণে প্রাণহানির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এ ধরনের দুর্নীতি মোকাবিলায় সব পক্ষকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানানো হয় প্রস্তাবে। প্রস্তাবটিতে বাংলাদেশ এবং অন্যান্য দেশে কারখানার নিরাপত্তা বিষয়ে ইউরোপীয় কমিশনকে তাদের কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজনে তা আরও সম্প্রসারণের কথাও বলা হয়।