ইউরোপে ঝড়ে ৫০ জনের মৃত্যু, চিলিতে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা
স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গতকাল রোববার রাতে ঝড়ে অন্তত ৫০ ব্যক্তি নিহত হয়েছে। তাদের মধ্যে ফ্রান্সেই মারা গেছে ৪৫ জন, আহত হয়েছে ৫৯ জন এবং অন্তত এক ডজন লোক এখনো নিখোঁজ। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পশ্চিম উপকূলের ভেন্দি ও শারেন্টি-ম্যারিটাইম অঞ্চল দুটি। আজ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করার কথা। এদিকে চিলিতে শনিবার রাতের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেলে ব্যাশেলেট। তিনি বলেন, ভূমিকম্পে চরম বিপর্যয় ঘটেছে। এ পর্যন্ত ৭০৮ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মল অঞ্চলে মারা গেছে ৫৪১ জন, বিয়োবিওতে ৬৪ জন ও অন্যান্য এলাকায় ১০৩ জন। ভূমিকম্পে ১৫ লাখেরও বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে।ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মল ও কনসেপসিওনে কারফিউ জারি করেছে চিলির সরকার। কনসেপসিওনে অস্থিতিশীলতা নিরসনে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও কাজ করছে। নগরটিতে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনদের উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। কনসেপসিওনের মেয়র বিবিসিকে জানান, নগরটিতে খাবারের মজুদ শেষ হয়ে গেছে। গতকাল রোববার সুপার মার্কেটগুলোতে লুটপাট চলেছে। লুটপাট থামাতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে এবং জলকামান ব্যবহার করে।