ইউরোপে ব্যাংক বাঁচলেও, ঝুঁকিতে তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দার মুখে ইউরোপের দেশগুলোর অর্থনীতিকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যয় সংকোচনসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার হাতে নিয়েছে। এখন পর্যন্ত জনগণের দেওয়া করের অর্থ থেকে হাজার হাজার কোটি ইউরো ব্যয় করে দেশটির ব্যাংকগুলোকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে বাঁচানো গেছে। কিন্তু ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট বলছেন, ব্যাংক বাঁচলেও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে দেশটির তরুণ প্রজন্ম। শঙ্কার ব্যাপার হলো, এ নিয়ে সঠিক কোনো পরিকল্পনা নেই ইউনিয়নের।২০০৯ সালের শেষে গ্রিসে ঋণসংকট তীব্রতর হলে ঝুঁকিপূর্ণ দেশ ও অস্থিতিশীল ব্যাংকগুলোকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়ন এক জটিল কৌশল হাতে নেয়। একই সাথে প্রণোদনা দেওয়ার জন্য ৭০০ বিলিয়ন ইউরো বরাদ্দ করে।অথচ সামাজিক অবস্থার ওপর মন্দার ভয়ংকর ও দীর্ঘমেয়াদি প্রভাব ঠেকাতে তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ইইউর দুই কোটি ৬০ লাখ মানুষ বেকার। গ্রিস, স্পেন, ইতালি ও পর্তুগালের প্রতি দুজন তরুণের একজন কর্মহীন।বেকারত্বের হার যত বাড়ছে, ইউরোপের দক্ষিণাঞ্চলে তত বেশি হারে বাড়ছে প্রতিবাদ ও বিক্ষোভ। সামাজিক স্থিতিশীলতা ধসে যেতে বসেছে। অপরাধ এবং অভিবাসীবিরোধী কর্মসূচি বাড়ছে পাল্লা দিয়ে। এসব কারণে কয়েকটি দেশের সরকার অস্থিতিশীল হয়ে পড়েছে।জার্মান সমাজতন্ত্রী ও ইউরোপীয় পার্লামেন্টের প্রধান মার্টিন শ্যুলজ বলছেন, ‘ব্যাংকগুলোকে তো বাঁচালাম, কিন্তু একটা প্রজন্মকে অনিশ্চয়তার মুখেও ঠেলে দিলাম।’রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে শ্যুলজ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় বিপদ হলো, এটি যেকোন সমস্যার সমাধান করতে পারে, তা জনগণ বিশ্বাস করে না। আর তরুণেরা যদি বিশ্বাস (ইইউর ওপর) হারিয়ে ফেলে, তবে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত্ সত্যিই অন্ধকার।’রয়টার্সে দেওয়া গবেষণা বলছে, গত সপ্তাহের জরিপে দেখা গেছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী গ্রিকদের ৫৭ শতাংশ কর্মহীন। স্পেনের অবস্থা প্রায় একই। দেশটিতে বিশ্ববিদ্যালয় পাস তরুণদের অর্ধেকই বেকার।মন্দার ভয়ংকর পরিণতি বিচার করতে ১৪-১৫ মার্চ এক শীর্ষ বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৈঠকে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পরিকল্পনা হাতে নেওয়া হবে। ২৫ বছরের কম বয়সীদের প্রত্যেকে লেখাপড়া ছাড়ার চার মাসের মধ্যে যাতে একটি কাজের সুযোগ বা পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ বা পেশা-সম্পর্কিত প্রশিক্ষণ পায়, সেটি নিশ্চিত করা হবে নতুন পরিকল্পনায়। ইউরোপের সবচেয়ে বেশি মন্দায় আক্রান্ত অঞ্চলগুলোতে বেকারত্ব ঘুচাতে ছয় বিলিয়ন ইউরোর এক পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তাব আছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, এ বরাদ্দ যেমন খুবই অপ্রতুল, তেমনি দীর্ঘ বিলম্বিত।৫৭ বছর বয়সী শ্যুলজ সম্প্রতি এক বিতর্কে অংশ নিয়েছিলেন। সেখানে এক স্প্যানিশ নারী তাঁকে ব্যাংকগুলোকে দেওয়া প্রণোদনা বিষয়ে প্রশ্ন করে যথেষ্ট বিব্রত করেছেন।শ্যুলজ বলেন, ‘তিনি (নারীটি) সঠিক প্রশ্নটিই তুলেছেন। তিনি বলেন, “ব্যাংকগুলোকে বাঁচাতে আপনারা ৭০০ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন, আমাকে বাঁচাতে আপনাদের বরাদ্দ কত?” এমন প্রশ্নের জবাবে আমি আর কিই বা বলতে পারি!’ শ্যুলজ আরও বলেন, ‘ব্যাংক খাতকে স্থিতিশীল করতে আমরা ৭০০ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছি। তরুণ প্রজন্মকে স্থিতিশীল করতেও আমাদের একই পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত।’সমাজতন্ত্রী নেতা শ্যুলজ স্কুলের পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি। অর্থনৈতিক সংকটের কারণে বইয়ের দোকানে কাজ করতে শুরু করেন। ধীরে ধীরে রাজনীতিতে জড়িত হন। শ্যুলজ বলেন, ‘ব্যয় সংকোচনে আমরা বিশ্বসেরা। কিন্তু আমাদের চিন্তা অগভীর।’ তিনি বলেন, ‘গ্রিস, স্পেন ও ইতালি হয়তো তাদের সবচেয়ে শিক্ষিত তরুণ প্রজন্মের অধিকারী। তরুণদের যথাসম্ভব লেখাপড়া করাতে তাঁদের মা-বাবারা অনেক অর্থ ব্যয় করেছেন। এতে অন্যায়ের কিছু নেই।... এসব তরুণ এখন কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সমাজ বলছে, “তোমাদের কোনো কাজ নেই।” আমরা একটি অক্ষম প্রজন্ম তৈরি করতে চলেছি।’তিনি কীভাবে এ সমস্যার সমাধান করতেন, এমন প্রশ্নের জবাবে সমাজতন্ত্রী পার্টির নেতা শ্যুলজ বলেন, তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমাতে চাইতেন এবং যেখানে যখন প্রয়োজন, তখন সেখানে সরাসরি অর্থ বরাদ্দ করতেন। তিনি বলেন, এখন কেন্দ্রীয়ভাবে একটি পরিকল্পনা করে, তৃণমূলে তা বাস্তবায়ন করতে অনেক দেরি হয়ে যায়। ‘আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করাটা জরুরি।’