ইউরোপে শেয়ারবাজারে ভালোর আশা
ইউরোপে শেয়ারবাজারে দীর্ঘ খারাপ সময় চলার পর বিনিয়োগকারী এখন শেষ তিন মাসের দিকে তাকিয়ে আছেন। তাঁরা মনে করছেন, এ সময়ের এত দিনের ক্ষতি হয়তো কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদিও শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার অনেক বিষয়ই আছে। ইউরো জোনের অর্থমন্ত্রী আগামী সোমবার লুক্সেমবুর্গে বৈঠকে বসছেন। গ্রিসের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে হয়তো তাঁরা বিশেষ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। তাঁরা তাকিয়ে থাকবেন যুক্তরাষ্ট্রে কাজের বাজারের দিকে। এ-সংক্রান্ত নতুন প্রতিবেদন আসতে আসতে ৭ অক্টোবর হয়ে যাবে। তখন হয়তো তাঁরা বুঝতে পারবেন, অর্থনীতি সামগ্রিকভাবে আরও খারাপের দিকে যাবে কি না। খবর রয়টার্সের।আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা। সেখানে হয়তো সুদের হার কমিয়ে দেওয়া হতে পারে।এত কিছু বিবেচনায় থাকায় বিনিয়োগকারীরা হয়তো মাঠে নামবেন না। এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের ৫৯টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের পোর্টফোলিওর ৬.৩% নগদে ধরে রাখতে চায়। ২০০৯ সালের পর এটাই সর্বোচ্চ। যদিও রয়টার্সের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে শেয়ারবাজারের গড় প্রবৃদ্ধি হবে ৩.৭%। ১৯৭১ সালের পর এটাই কোনো প্রান্তিকের জন্য সর্বোচ্চ।বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের মাঠের বাইরে বসে না থেকে বিনিয়োগের সুযোগ খোঁজা উচিত।