ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় লাদেন জড়িত: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কয়েকজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা বলেছেন, তাঁদের বিশ্বাস, সম্প্রতি ইউরোপের বিভিন্ন নগরে সন্ত্রাসী হামলার যে পরিকল্পনা হয়েছিল, তার সঙ্গে ওসামা বিন লাদেনসহ আল-কায়েদার শীর্ষ নেতারা জড়িত। তবে আল-কায়েদার প্রধানসহ অন্য নেতারা কীভাবে এ হামলার পরিকল্পনা সমন্বয় করেন, তা এখনো পরিষ্কার নয় বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে।এমন হামলার পরিকল্পনায় লাদেনের ভূমিকার ব্যাপারে প্রথম রিপোর্ট করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা বলেছেন, পরিকল্পনায় লাদেন জড়িত থাকতে পারেন— এমন অনুমান থেকেই তাঁরা এখন কাজ করছেন। তবে তাঁর সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তাঁদের কাছে নেই।ওয়াশিংটনের বিশ্বাস, ওসামা বিন লাদেন ও আল-কায়েদার শীর্ষ নেতারা পাকিস্তানে লুকিয়ে আছেন। মার্কিন কর্মকর্তারা আল-কায়েদা ও অন্য ইসলামি জঙ্গিদের আশ্রয়স্থল হিসেবে পাকিস্তানের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তের পার্বত্য এলাকায় জঙ্গি দমনে আরও সচেষ্ট হতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে ।এদিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেছেন, ইউরোপে হামলা চালানোর মূল পরিকল্পনাটা করেছিল আটজন জার্মান নাগরিক ও যুক্তরাজ্যের দুই ভাই। যুক্তরাজ্যের এ দুই ভাইয়ের একজন সম্প্রতি পাকিস্তানে সিআইএর মিসাইল হামলায় মারা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও জার্মানি সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে এবং তাদের টেলিফোন যোগাযোগের ওপর নজর রাখছে। ইউরোপে এ সন্ত্রাসী হামলার পরিকল্পনার পেছনে উত্তর আফ্রিকার আল-কায়েদার সহযোগীদের জড়িত থাকার আশঙ্কা নাকচ করে দিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, উত্তর আফ্রিকার আল-কায়েদা খুবই ভয়ংকর। তারা ইউরোপেও হয়তো সন্ত্রাসের বিস্তৃতি ঘটাতে চাইতে পারে। কিন্তু তারা এই মুহূর্তে সেটা করবে—এমন কোনো আভাস নেই।—রয়টার্স