ইউরোর খেলাটাই খেলতে হবে
বলছেন ডেভিড ভিয়া ‘স্পেন স্পেন’ একটা রব উঠেছে এবার। পরিসংখ্যান, অতীত রেকর্ড যদিও তাদের বিপক্ষে। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য চতুর্থ হওয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এবার বাধার দেয়াল ভাঙতে চায়। ২০০৮ সালে স্পেনকে ইউরোপ-সেরা বানানোর ওই আসরের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়াও জানাচ্ছেন, তিনি প্রস্তুত সবাই তো এবার স্পেনকেই হট ফেবারিট বলছে। এবারই নাকি শিরোপা-খরা ঘুচিয়ে দেবেন আপনারা। আপনি নিজে কী মনে করেন? ভিয়া: এটা সত্যি, আমরা জানি, শিরোপা জেতার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা নিজেদের কোনো চাপের মধ্যে ফেলতে চাই না। কারণ আমরা ভালো করেই জানি, ফেবারিট হওয়া এবং না হওয়ায় কিছু আসে যায় না। আমরা নিজেদের ফেবারিট মনে করি না। এটাও মনে করি না, বাকি দলগুলোর তুলনায় আমরা সুবিধাজনক অবস্থানে আছি। কিন্তু স্পেন দলই তো সবচেয়ে বেশি ইনজুরির সমস্যায় ভুগছে। ফার্নান্দো তোরেস আর সেস ফ্যাব্রিগাস তো এখনো পুরো ফিট নন।ভিয়া: হ্যাঁ, ইনজুরি নিয়ে সব সময় একটা দুশ্চিন্তা থেকেই যায়। তবে ওই দুজন এখনো হাতে বেশ কিছু দিন সময় পাচ্ছে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য। আমরা সবাই বেশ আশাবাদী, দলের প্রত্যেকে নিজের সেরা অবস্থা নিয়েই বিশ্বকাপে যাবে। আপনি নিজেও তো ইনজুরির সমস্যায় ভুগেছেন। এখন কী অবস্থা? ভিয়া: ‘কলারবোন’-এ একটা সমস্যা বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছিল। সেটার শুশ্রূষা করেছি। এখন পুরোপুরি সুস্থ। আর কোনো সমস্যা নেই। শারীরিকভাবে আমি আসলেই খুবই ভালো অবস্থায় আছি। স্পেন দলটাও তো দুর্দান্ত ফর্মে আছে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে। বাছাইপর্বেও খেলেছে দুর্দান্ত। এই গতি বিশ্বকাপেও থাকবে তো?ভিয়া: আমি সব সময়ই বলে এসেছি, জাতীয় দলের নিরবচ্ছিন্নভাবে ভালো খেলাটা খুবই জরুরি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল, মাঝখানে কোচের পরিবর্তন দলের মধ্যে বড় কোনো প্রভাব ফেলেনি। কোচ পরিবর্তনেও দলের ছন্দপতন না হওয়াটা খুবই জরুরি। আমাদের দলটাও আগের মতোই দুর্দান্ত খেলছে। সম্ভবত আগের কোচদের সময়ের চেয়ে এখন আরও বেশি ভালো খেলছে। ২০০৮ সালে আপনারা ইউরোপ চ্যাম্পিয়ন হলেন। কিন্তু গত বছর আবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলেন কনফেডারেশনস কাপে। স্পেনের অভিজ্ঞতার ভাঁড়টাও নিশ্চয়ই এরই মধ্যে সমৃদ্ধ হয়েছে!ভিয়া: হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা অনেক বেড়েছে। আমাদের বিশ্বকাপের দলটাও মোটামুটি ২০০৮ সালের ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া দলটাই। পার্থক্য কেবল, আগের চেয়ে আমরা আরও বেশি সুসংগঠিত, আরও বেশি অভিজ্ঞ। ইউরোতে আমরা যেভাবে খেলেছি, আশা করি, সেই একই খেলা এবার বিশ্বকাপেও খেলতে পারব। অনেক দিন ভ্যালেন্সিয়ায় কাটিয়ে এবার বার্সেলোনায় যোগ দিলেন। নতুন মৌসুম শুরুর আগে বিশ্বকাপে ভালো করাটাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আপনার নিজের প্রত্যাশা কী?ভিয়া: ফুটবল বিশেষজ্ঞরা বলেন, আমার এই বয়সটাই (২৮ বছর) একজন ফুটবলার হিসেবে সবচেয়ে আদর্শ। আমি মনে করি, বার্সেলোনায় আমি ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্ম নিয়েই খেলব। আশা করি, এখানে আমি অনেক দিন ধরেই খেলব এবং অনেক কিছুই অর্জন করব। এই অর্জনের মধ্যে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও আছে নিশ্চয়ই? ব্যক্তিগতভাবে আপনি সাফল্য পেলেও ক্লাব ক্যারিয়ারে বড় কোনো শিরোপাই তো এখনো জেতা হয়নি আপনার।ভিয়া: হ্যাঁ, আমার সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার বড় একটা সুযোগ এসেছে। এই সম্ভাবনার কথা ভেবে আমি আসলেই রোমাঞ্চিত। কারণ এর আগে এই শিরোপা জয়ের সম্ভাবনা আসলে আমার জন্য তেমনটা ছিল না। তবে বার্সায় খেলা মানে কিন্তু চাপকেও নিত্যসঙ্গী বানিয়ে ফেলা। কারণ বার্সার মতো ক্লাবকে সব সময়ই জয়ের জন্য খেলতে হয়, ইউরোপ-সেরা হওয়ার তাগিদ থাকে। বার্সার একাদশে জায়গা পাকা করাও তো একটা চ্যালেঞ্জ।ভিয়া: এ ধরনের প্রতিদ্বন্দ্বিতার ইতিবাচক দিক হলো, এতে আপনি খেলোয়াড় হিসেবে সব সময়ই আরও উন্নতি করবেন। বার্সেলোনা কোন মাপের ক্লাব সেটা জেনেই আমি এখানে সই করেছি। আমি খুব ভালো করেই জানি, এখানে কত অসাধারণ খেলোয়াড়েরা আছে। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করব। —এপি অবলম্বনে