মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবু ইউসুফকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার মহানগর হাকিম মনিরুজ্জামান এই আদেশ দেন।রাজধানীর দক্ষিণখানের থানা পুলিশ আদালতে হাজির করে আবু ইউসুফকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল বুধবার র্যাব শেরেবাংলা নগর থেকে আবু ইউসুফকে গ্রেপ্তার করে। আবু ইউসুফের বরাত দিয়ে র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন খান গতকাল প্রথম আলো ডটকমকে জানান, তিনি (আবু ইউসুফ) আট বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলে দাবি করেছেন। আবু ইউসুফ মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট নামের একটি বেসরকারি সংস্থার উপদেষ্টা। আর আবুল কালাম আযাদ এই সংস্থার চেয়ারম্যান।