ইউসুফের খুনিরা যুব ও ছাত্রলীগের নেতা-কর্মী: ওসি
রাজধানীতে যুবলীগের নেতা ইউসুফ আলী সরদারের খুনিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বলেছেন, সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তাঁরা সংখ্যায় ১৫ থেকে ২০ জন ছিলেন। ঘটনার পর থেকে তাঁদের অনেকেই গা ঢাকা দিয়েছেন।এই খুনের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, হান্নান ওরফে পেটকাটা হান্নান ও আবুল হোসেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ নিয়ে ইউসুফ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি। ইউসুফ মারা যাওয়ার আগে নিজে বাদী হয়ে রমনা থানায় মারধরের অভিযোগে যে মামলা করেছিলেন, তারই তদন্ত করছে থানার পুলিশ। আজ আদালতে এ মামলায় গ্রেপ্তার করা একজনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করে শুনানির দিন ধার্য করেন।রেড ক্রিসেন্ট সোসাইটির দরপত্র (টেন্ডার) নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার নিহত হন যুবলীগের নেতা ইউসুফ আলী সরদার। এ ঘটনায় গতকাল শুক্রবার ছাত্রলীগের মো. রাসেল নামের এক কর্মীকে আটক করে পুলিশ। তিনি মামলার এজাহারভুক্ত আসামি ফয়সালের ভাই।মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া রাসেলকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। একই সঙ্গে মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদনও করা হয়েছে। ১২ অক্টোবর এ ব্যাপারে শুনানি হবে। আদালত ওই দিন রাসেলের রিমান্ডের আবেদনের শুনানি শেষে আদেশ দেবেন বলে জানা গেছে।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটিতে দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের কর্মীদের বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের কর্মীরা চাইছিলেন কাজটি সবার মধ্যে বণ্টন করা হোক। কিন্তু যুবলীগ এতে সাড়া দেয়নি। এ পরিস্থিতিতে ছাত্রলীগের কর্মীদের বাধা উপেক্ষা করেই ইউসুফ দরপত্র জমা দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর দুই দফা হামলা চালান। রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এক দফা মারধরের পর টঙ্গী ডাইভারশন রোডে রড ও লাঠি দিয়ে তাঁকে আবার পেটানো হয়। মারধরের ঘটনাটি ৫৪ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ সাঈদ, মো. আলী, বাবুল, কাজল, ফয়সাল, বাদশা, রিপন, খোরশেদসহ ছাত্রলীগ-যুবলীগের অনেক কর্মী দেখেন বলে জানা গেছে। এরপর আহত ইউসুফ নিজেই থানায় গিয়ে ছাত্রলীগের নেতা ফয়সাল, রিপন, বাদশা, মো. আলীসহ কয়েকজনের নামে মামলা করেন। দুপুরে মামলা দায়েরের পর ওই দিন রাতেই তিনি মারা যান।