ইউসুফের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ১৩টি অভিযোগ গঠন করে আদেশ দেন।একাত্তরে মালেক মন্ত্রিসভার রাজস্ব, পূর্ত, বিদ্যুৎ ও সেচমন্ত্রী ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার সাতটি, হত্যার পাঁচটি ও নিপীড়নের একটি অভিযোগ আনা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে।ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২-এ সপ্তম মামলার বিচার শুরু হলো। এর আগে এই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার রায় দিয়েছেন। এ ট্রাইব্যুনালে আরও দুটি মামলার বিচার চলছে।বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারক মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ইউসুফ এ সময় এজলাসে হাজির ছিলেন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্ত ইউসুফের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। ছাত্রজীবনে তিনি জমিয়তে তলাবা-ই-আরাবিয়ার সক্রিয় সদস্য ছিলেন। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং ১৯৫৭ সালে জামায়াতের খুলনা বিভাগীয় প্রধান হন। ১৯৬২ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান জামায়াতের ডেপুটি আমির ছিলেন।রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুসারে, এ কে এম ইউসুফ একাত্তরে বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তখনকার খুলনা মহকুমা, থানা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটি ও সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। একাত্তরে ৯৬ জন জামায়াত সদস্য ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে তিনি প্রথম সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।ইউসুফের বিরুদ্ধে ১৩ অভিযোগ: ইউসুফের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ হলো, একাত্তরের ১৭ মে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে তাঁর নির্দেশে রাজাকাররা স্বাধীনতাকামী ও হিন্দু ধর্মাবলম্বীদের ৪০০ দোকান এবং ২০-২২টি বাড়িতে লুট করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ইউসুফের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।দ্বিতীয় অভিযোগ: ইউসুফের নির্দেশে একাত্তরের ১৩ মে রজব আলী ফকিরের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র রাজাকার বাগেরহাটের হিন্দু অধ্যুষিত গ্রাম রণজিৎপুরে হামলা চালিয়ে ৫০-৬০ জনকে হত্যা করে।তৃতীয়: একাত্তরের ১৯ মে রাতে পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ইউসুফ মোরেলগঞ্জ বাজারে গিয়ে রাজাকারদের ২০-২৫ জনের একটি দল সঙ্গে নিয়ে মিলিত অভিযান চালায়। ওই সময় ছয়জন হিন্দুকে আটক ও নির্যাতনের পর এক এক করে গুলি করা হয়। চারজন মারা যান, দুজন বেঁচে ভারতে চলে যান।চতুর্থ: একাত্তরের ২১ মে ইউসুফের নির্দেশে ৪০-৫০ জনের সশস্ত্র রাজাকারদল দুটি নৌকায় করে ডাকরা গ্রামে যায়। রাজাকাররা গ্রামের হিন্দুদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে দু-তিন ঘণ্টায় ৬০০-৭০০ নিহত হন।পঞ্চম: ইউসুফের পরামর্শ ও প্ররোচনায় একাত্তরের ১৪ অক্টোবর রাজাকার রজব আলী ১০০-১৫০ সশস্ত্র রাজাকার নিয়ে বাগেরহাটের চুলকাঠি বাজার ও আশপাশের হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালায়। তারা ছয়জন হিন্দু ও একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং ৪২টি বাড়িতে লুট ও অগ্নিসংযোগ করে।ষষ্ঠ: ১৫ অক্টোবর ইউসুফের নির্দেশে ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকার বাগেরহাটের কচুয়া থানার ভাষারবাজার গ্রামে ১৫ জন নিরস্ত্র হিন্দুকে হত্যা করে।সপ্তম: ৫ নভেম্বর ইউসুফের নির্দেশে ও প্ররোচনায় ৫০-৬০ জন রাজাকারের একটি সশস্ত্র দল বাগেরহাটের কচুয়া থানার শাঁখারীকাঠিতে হামলা চালিয়ে ৪০ জন নিরস্ত্র হিন্দুকে গুলি করে হত্যা করে।অষ্টম: একাত্তরের জুলাই মাসের মাঝামাঝি ইউসুফের নির্দেশে ও প্ররোচনায় শাঁখারীকাঠির হিন্দু অধ্যুষিত এলাকায় ৪৫ হিন্দুকে গরুর মাংস খাইয়ে, কলেমা পড়িয়ে ধর্মান্তরিত করা হয়। ৫ নভেম্বর ওই ধর্মান্তরিত হিন্দুদের প্রথম ৪০ জনকে হত্যা করা হয়।নবম: একাত্তরের ১২ মে গভীর রাতে ইউসুফের নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় ২০-২২ জনের সশস্ত্র রাজাকারের দল মোরেলগঞ্জ বাজারের বারুইখালী ইউনিয়নে আসে। ওই সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের যুদ্ধ হয়। পরদিন ইউসুফসহ পাকিস্তানি সেনাদের একটি দল সামরিক গানবোটে ওই স্থানে গিয়ে রাজাকারদের সাহায্য করলে মুক্তিযোদ্ধারা পিছু হটেন। ওই মুক্তিযোদ্ধাদের একজন আবু বক্কর সিদ্দিক স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিলে ইউসুফের উপস্থিতিতে ও নির্দেশে রাজাকাররা তাঁকে আটক করে বারুইখালী রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা করে।দশম: একাত্তরের ৭ জুন সকালে শরণখোলার রায়েন্দা বাজারে গিয়ে ইউসুফ বক্তৃতা দেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ও হিন্দুদের নির্মূল করার নির্দেশ দেন। এরপর সশস্ত্র রাজাকাররা তিনজন মুক্তিযোদ্ধাকে নির্যাতনের পর হত্যা করে।১১তম: একাত্তরে ৯ জুন বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি বাজারে ইউসুফের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র রাজাকার মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাশারত খানকে আটক করে। পরে তাঁদের নির্যাতনের পর ইউসুফের নির্দেশে রাজেশ্বর নামক স্থানে নিয়ে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।১২তম: একাত্তরের ২৯ জুলাই ইউসুফের নির্দেশে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের চিকিৎসক আবদুল মজিদকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় মজিদকে হত্যা করা হয়।১৩তম অভিযোগে বলা হয়, একাত্তরের ২৯ জুলাই রাজাকারদের নিয়ে ইউসুফ রায়েন্দা বাজারে বৈঠক করছিলেন। ওই সময় রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের আবদুস সালামকে ধরে ইউসুফের সামনে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।১৩টি অভিযোগ পড়া শেষ হলে ইউসুফের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, ‘আপনি দোষী না নির্দোষ?’ ইউসুফ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমি নির্দোষ।’ এরপর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।ইউসুফের জামিন আবেদনের বিষয়ে আদেশে ট্রাইব্যুনাল বলেন, কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন অনুসারে, আসামি শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক আছেন। তাই এ পর্যায়ে তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। পরে শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁর জামিনের বিষয়টি বিবেচনা করা হবে।