ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১ আগস্ট
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, এ ব্যাপারে আদেশের তারিখ ১ আগস্ট ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এই তারিখ ধার্য করেন। একই তারিখে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হবে কি না, এ বিষয়েও আদেশ দেবেন ট্রাইব্যুনাল।ইউসুফকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আজ আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি এবং তাঁর জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করে। এরপর আদালত আদেশের জন্য তারিখ ধার্য করেন। আজ আদালতে আসামির কাঠগড়ায় ইউসুফ উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে করা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন।গত ৮ মে রাষ্ট্রপক্ষ ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ মোট ১৫টি অভিযোগ আনা হয়েছে। ১২ মে ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে ট্রাইব্যুনাল জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।