ইউসুফের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি হবে ১৪ জুলাই। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন ইউসুফ।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন। রাষ্ট্রপক্ষ গত ৮ মে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ ১৫টি অভিযোগ আনা হয়েছে। ১২ মে ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। ট্রাইব্যুনাল জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আলীমের বিরুদ্ধে ১১তম সাক্ষীর জেরা শেষবিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। দিলীপ কুমার গত ২৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তাঁর জেরা অসমাপ্ত থাকা অবস্থায় কয়েক দফা সময় নিয়েও আসামিপক্ষের আইনজীবী হাজির না হলে ট্রাইব্যুনাল দিলীপের সাক্ষ্য গ্রহণ শেষ করার নির্দেশ দেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আবার জেরা করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।একাত্তরে আলীম জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান বা রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন, এই মর্মে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারবেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না তবে তিনি এটি শুনেছেন। রাজাকাররা কী ধরনের পোশাক পরতেন, বলতে পারবেন? এ প্রশ্নে সাক্ষী বলেন, না।আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি আপনার জবানবন্দিতে বর্ণিত ঘটনার সময় বাংলাদেশে ছিলেন না এবং যে সাইদুরের কথা বলছেন তা রাষ্ট্রপক্ষের শেখানো মতে বলছেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’আইনজীবী জেরার শেষ পর্যায়ে আবার মত দেন, একাত্তরে জয়পুরহাটে পাকিস্তানি সেনারা আসার পরে আবদুল আলীম আত্মগোপন করেছিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে এ মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।