ইউসুফের বিরুদ্ধে ১৫ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে প্রায় ৭০০ জনকে হত্যার সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফ জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে আটজনকে হত্যা, ৩০০ বাড়ি লুট, ৪০০ দোকান লুটের পর অগ্নিসংযোগ এবং ২০০ জন হিন্দুকে ধর্মান্তরিত করাসহ ১৫টি অভিযোগের প্রমাণ মিলেছে।তদন্ত সংস্থা গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এসব তথ্য জানায়। এ কে এম ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা উপলক্ষে ধানমন্ডির সেফ হোমে এ সংবাদ ব্রিফিং করা হয়। সংবাদ ব্রিফিংয়ের পর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।সংবাদ ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এম ইউসুফের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ এনেছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং তাঁকে গ্রেপ্তারের আবেদন করার জন্য আমরা রাষ্ট্রপক্ষকে অনুরোধ জানাব।’সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এ কে এম ইউসুফের স্থায়ী ঠিকানা বাগেরহাটের শরণখোলা থানার রাজৈর গ্রামে। একাত্তরে কেন্দ্রীয় শান্তি কমিটির নির্দেশে তিনি প্রথমে সাবেক খুলনা জেলায় (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) শান্তি কমিটি গঠন করে নিজে এর আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে মহকুমা, থানা ও ইউনিয়ন পর্যায়ে জামায়াত ও মুসলিম লীগের সদস্য এবং স্বাধীনতাবিরোধী অন্যদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন। পরে বিভিন্ন এলাকা থেকে ৯৬ জনকে নিয়ে তিনি খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। রাজাকার বাহিনীর নামকরণও করেন তিনি। ইউসুফ ওই অঞ্চলের শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের নেতৃত্ব দেন। জামায়াতের উচ্চপর্যায়ের নেতা, বৃহত্তর খুলনার শান্তি কমিটির আহ্বায়ক, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মন্ত্রী হিসেবে তিনি পাকিস্তানি সেনাদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিতেন। তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় খুলনার বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধ ঘটে।তদন্ত সংস্থা জানায়, এ কে এম ইউসুফ ১৯৫২ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। ১৯৫৮ সালে তিনি খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তালাবি-ই-আরাবিয়ার সদস্য ছিলেন। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন, ১৯৫৭ সালে দলের খুলনা বিভাগীয় প্রধান হন। ১৯৬২ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হন, ১৯৬৯ সালে জামায়াতের প্রাদেশিক যুগ্ম সচিব মনোনীত হন। মুক্তিযুদ্ধকালে তিনি মালেক মন্ত্রিসভায় রাজস্ব, পূর্ত ও সেচমন্ত্রী ছিলেন।১৯৭২ সালের ১৪ ডিসেম্বরের বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দালাল আইনে এ কে এম ইউসুফের বিচার হয়েছিল এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে পরে তিনি মুক্তি পান। গত বছরের ২২ জানুয়ারি তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে।সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আবদুল হান্নান খান, ইউসুফের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ও তদন্ত সংস্থার সদস্য নূরুল ইসলাম। ব্রিফিংয়ের পর মো. হেলালউদ্দিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে গিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।তদন্ত সংস্থা জানায়, এ নিয়ে সংস্থাটি ১৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করল। আরও ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁরা হলেন জামায়াতের আরেক নায়েবে আমির আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হবিগঞ্জের জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সার, ফরিদপুরের এম এ জাহিদ হোসেন, যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন, পটুয়াখালীর রুস্তম আলী শিকদার, খুলনার আমজাদ মিনা ও রাজশাহীর লাহার আলী শাহ।