মালিবাগ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ও ভোলার সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৪ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শামসুন নাহার বেগম এ আদেশ দেন।তবে সরকারঘোষিত শীর্ষস্থানীয় সন্ত্রাসী এস এস আরমান, লিয়াকত হোসেন, পিচ্চি হান্নানসহ ১০ জনের নাম এ মামলা থেকে প্রত্যাহার করা হয়নি।গতকাল ইকবাল ও শাওন আদালতে হাজির হননি। তাঁদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আরমান আইনজীবীর মাধ্যমে নাম প্রত্যাহারের আবেদন করেন। বিচারক আদেশের জন্য দিন ধার্য আছে বলে আদেশ পড়ে শোনান।খালাস পাওয়া অন্য আসামিরা হলেন: তারেক শামছুল খান, শওকত হোসেন, কবির উদ্দিন আহমেদ, আ. সালাম, মুন্সি কামরুজ্জামান, মনিরুজ্জামান, ইমদাদুল হক, আবদুল হালিম, আবুল বাশার, জসিম উদ্দিন, দুলাল ও কামরুল মোরশেদ।যে ১০ আসামির বিরুদ্ধে মামলা চলবে তাঁরা হলেন: শীর্ষ সন্ত্রাসী আরমান, লিয়াকত হোসেন, পিচ্চি হান্নান ওরফে ছোট হান্নান, কামরুল হাসান ওরফে হান্নান, আশ্রাফুজ্জামান ওরফে মিঠু, গোলাম মোস্তফা ওরফে পাপ্পু, বাবুল ওরফে কালা বাবুল, জিএম জিয়াউল হক, মনির হোসেন ও কিরণ। তাঁদের মধ্যে জিয়াউল হক, কালা বাবুল ও আরমান জামিনে আছেন। তবে আরমান অন্য মামলায় এখন কারাবন্দী। অন্যরা জামিন নিয়ে পলাতক।আদালতে আরমান: আরমান আদালতকক্ষে প্রথম আলোকে বলেন, ‘সবই ভাগ্যের নির্মম পরিহাস। ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অথচ আমাকেই বলির পাঁঠা বানোনো হলো।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার আসামি ডা. ইকবাল, সাংসদ শাওনসহ ২৪ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিল। কিন্তু সরকারি কৌঁসুলি ২৩ জনের নাম প্রত্যাহারের আবেদন করেন। কারণ হিসেবে বলা হয়, আমি শীর্ষ সন্ত্রাসী।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদেশ যা-ই হোক, তিনি উচ্চ আদালতে যাবেন।সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, ‘আদালত আংশিক রায় দিয়েছেন। আরমান ছাড়া আমি ২৩ আসামির নাম প্রত্যাহারের আবেদন করি। আদালত ১৪ জনের নাম প্রত্যাহার করেছেন। বাকি আসামিদের বিরুদ্ধে মামলা চলবে। মামলার পরবর্তী শুনানি ২ সেপ্টেম্বর।’ আরমানের বিষয়ে তিনি বলেন, আরমান সরকারঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাই তাঁর নাম প্রত্যাহারের আবেদন করা হয়নি।উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার মালিবাগে হরতাল চলাকালে তত্কালীন সরকারদলীয় সাংসদ ইকবালের নেতৃত্বাধীন মিছিল থেকে বিএনপির মিছিলে গুলি চালানো হয়। এতে চারজন নিহত হন। মতিঝিল থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) ইছহাক মল্লিক বাদী হয়ে তখন মামলা করেন। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই বছরের ১২ জুলাই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ঘটনার অধিকতর তদন্ত করে ডিবি পুলিশ ২০০২ সালের ২৯ ডিসেম্বর আগের ছয়জন এবং নতুন করে ডা. ইকবাল ও শাওনসহ ২৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। ইকবাল ও শাওনসহ ১০ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০৩ সালে বাকি ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সূত্র জানায়, ওই হত্যাকাণ্ডের মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন করার পর সম্প্রতি ইকবালসহ ১০ আসামি মামলাটির কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করতে আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১-এর সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা গত বছরের ১৭ আগস্ট ঢাকার মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবুকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এরপর সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আরমান ছাড়া বাকি ২৩ আসামির নাম প্রত্যাহার করতে আদালতে আবেদন করেন।অভিযোগপত্রে যা ছিল: মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি আবদুল হালিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে ইকবালসহ অন্য আসামিদের নাম প্রকাশ করেন। অভিযোগপত্রে আরও বলা হয়, ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি চারদলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সাবেক মেয়র মির্জা আব্বাসের নেতৃত্বে হরতালের পক্ষে একটি মিছিল মালিবাগ মোড়ে পৌঁছে। একই সময় সাবেক সাংসদ ইকবালের নেতৃত্বে হরতালবিরোধী মিছিল সেখানে পৌঁছে। এ সময় ইকবাল, শাওন, মনিরুজ্জামান লিটনসহ অন্য আসামিরা নিজ নিজ হাতে থাকা রিভলবার ও পিস্তল দিয়ে বিএনপির মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। এ ঘটনায় আবদুর রশিদ মোল্লা, জসিম, নাজমা বেগমসহ চারজন নিহত হন।