ইকুয়েডরে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত কোরেয়া
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে তৃতীয় দফায় প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন রাফায়েল কোরেয়া। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গতকাল রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৬ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন রাফায়েল। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যাংকার গুইলারমো লাসো পরাজয় মেনে নিয়েছেন।দ্বিতীয় দফার ভোট এড়াতে নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থীকে ৫০ শতাংশ ভোট অথবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়ে ৪০ শতাংশ ভোট পেতে হয়। শর্ত পূরণ হওয়ায় কোরেয়া দ্বিতীয় দফার ভোট এড়িয়ে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।এ বিজয়ের পর গতকাল প্রেসিডেন্ট ভবনের বারান্দায় দাঁড়িয়ে কোরেয়া তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা এখানে আছি। আমাদের জন্য কিছু নয়, বরং সবকিছুই আপনাদের জন্য।’সমাজতান্ত্রিক অর্থনীতিবিদ কোরেয়া ২০০৭ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। ক্ষমতায় এসে কয়েক দশক ধরে চলা বিক্ষোভ ও অভ্যুত্থানে বিধ্বস্ত দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। তবে তাঁর বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ করে আসছেন সমালোচকেরা।ইকুয়েডরের দেড় কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৩০ শতাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এসব জনগোষ্ঠীর সমর্থন পেয়েছেন কোরেয়া।