ইকুয়েডরে বিদ্রোহ সংগঠনের অভিযোগে ৪০ পুলিশ কর্মকর্তা আটক
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার বিরুদ্ধে গত সপ্তাহে বিদ্রোহে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেছে কর্তৃপক্ষ। ইকুয়েডরে আইন করে সুযোগ-সুবিধা কমানোর প্রতিবাদে দেশটির পুলিশ সদস্যরা গত বৃহস্পতিবার বিদ্রোহ ঘোষণা করেন। পুলিশের ওই বিক্ষুব্ধ অবস্থার সময় প্রেসিডেন্ট কোরেয়া একটি টিয়ার শেলের বিস্ফোরণে অসুস্থ হয়ে পড়েন। এরপর বিদ্রোহী পুলিশ সদস্যরা প্রেসিডেন্টকে একটি হাসপাতালে ১২ ঘণ্টা জিম্মি করে রাখেন। এ ঘটনার এক দিন পর গত শুক্রবার ব্যাপক গুলিবিনিময়ের মধ্য দিয়ে দিয়ে বিদ্রোহী পুলিশের কাছ থেকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট ও তাঁর সমর্থকেরা পুলিশের এ কর্মকাণ্ডকে অভ্যুত্থানের চেষ্টা বলে অভিহিত করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করব এবং ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য সম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ওই বিদ্রোহে পুলিশ বাহিনীর একটা ক্ষুদ্র অংশই জড়িত ছিল। যে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাঁদের পদের অমর্যাদা করেছেন, এর জন্য আমরা পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করতে পারি না।’ প্রেসিডেন্ট কোরেয়া এ ঘটনার জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট লুসিও গিটারিজসহ বিরোধী দলের রাজনীতিবিদদের দায়ী করেছেন। তবে গিটারিজ এ অভিযোগ অস্বীকার করে একে ‘অসত্য’ বলে অভিহিত করেছেন।এদিকে গতকাল বুধবার ইকুয়েডরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আগামী শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করেন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। তিনি এ বিদ্রোহে জড়িতদের ক্ষমা না করার ঘোষণা দেন। গত বৃহস্পতিবারের বিদ্রোহের ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।—বিবিসি অনলাইন