ইকুয়েডোরে মাদক চোরাচালানের জন্য তৈরি সাবমেরিন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডোরের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের উদ্দেশ্যে নির্মিত একটি ৩০ মিটার দীর্ঘ সাবমেরিন আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবমেরিনটি দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নির্মাণ করা হয়।মার্কিন ও দক্ষিণ আমেরিকান আইন প্রয়োগকারী কর্মকর্তারা অনেক বছর ধরে মাদক চোরাচালানে অর্ধনিমজ্জনযোগ্য নৌযান ব্যবহারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। কারও চোখে ধরা না পড়ার জন্য এসব নৌযান সমুদ্রপৃষ্ঠের ঠিক নিচ দিয়ে চলে। এরা মধ্য আমেরিকায় কোকেন বহন করে নিয়ে যায়, যা সেখান থেকে যুক্তরাষ্ট্রে চালান করা হয়।কিন্তু ইকুয়েডোরের কর্তৃপক্ষ জানায়, তারা যে নৌযানটি আটক করেছে, সেটি পুরোপুরি পানির নিচ দিয়ে চলাচলের উপযুক্ত এবং মাদক চোরাচালানের জন্য বিশেষভাবে নির্মিত। যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইকুয়েডোরের পুলিশ গত শুক্রবার যখন ডিজেল ও বিদ্যুত্চালিত সাবমেরিনটি আটক করে, তখন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শীতাতপনিয়ন্ত্রিত ও পেরিস্কোপ লাগানো সাবমেরিনটিকে তার প্রথম সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল।