ইকুয়েডরে আশ্রয়ের ব্যাপারে আশাবাদী অ্যাসাঞ্জ
ইকুয়েডরে জীবন শুরু করার জন্য তৈরি আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আশ্রয় নিতে এক পা বাড়িয়েই আছেন অ্যাসাঞ্জ। তাঁকে আশ্রয় দেওয়ার ব্যাপারে দেশটিও ভালো সহায়তা দিচ্ছে বলে মনে করছেন তিনি। আজ শুক্রবার লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাস থেকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন রেডিওকে দেওয়া এক টেলিফোন সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সাক্ষাত্কারে অ্যাসাঞ্জ বলেন, ‘আমাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ইকুয়েডরের জনগণ যথেষ্ট সহায়ক। অস্ট্রেলিয়ায় অবস্থিত ইকুয়েডর রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতামূলক মন্তব্য করেছেন বলে আমি শুনেছি। এ বিষয়ে অনেক দিন থেকে বেশ সহানুভূতিশীল তাঁরা।’ তবে এ ব্যাপারে ইকুয়েডর কর্তৃপক্ষ কখন সিদ্ধান্ত নেবে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।ইকুয়েডরের বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল করিয়া গতকাল বৃহস্পতিবার আরও একবার বললেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাসাঞ্জের আশ্রয় আবেদনটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে সরকারের। অ্যাসাঞ্জের আবেদনটি মঞ্জুর করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক অপরাধের জন্য, আমাদের কাছে আশ্রয়প্রার্থী একজন ব্যক্তি মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন—এটা আমরা মেনে নিতে পারিনি।’ গত সপ্তাহে সুইডেনে প্রত্যর্পণের বিষয়ে যুক্তরাজ্যের আদালতে চলতে থাকা মামলায় হেরে যান অ্যাসাঞ্জ। সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে। এ মামলার বিচারের জন্য অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে সুইডেন। আদালত তাঁকে সুইডেনে হস্তান্তরের নির্দেশ দেন। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত মঙ্গলবার তিনি লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন।গত চার দিন ধরে ওই দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই দূতাবাস থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তার করবে যুক্তরাজ্যের পুলিশ।অ্যাসাঞ্জ আরও বলেন, ২০১০ সালে উইকিলিকস ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তা ফাঁস করার অভিযোগে বিচারের মুখোমুখি হতে তাঁকে সে দেশে পাঠানোর বিষয়ে বেশ উদ্বিগ্ন তিনি। সেখানে বিচার হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আশঙ্কা করছেন তিনি।এ ছাড়া আত্মরক্ষার জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠিন পদক্ষেপ নিতে তাঁদের কাছে আবেদন জানিয়েছিলেন অ্যাসাঞ্জ। তবে, ২০১০ সালের ডিসেম্বরের পর থেকে মুঠোফোনে খুদে বার্তা ছাড়া কনস্যুলারদের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ হয় না বলে জানান তিনি।এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, এ অবস্থানে থাকা অন্য যেকোনো ব্যক্তির চেয়ে অ্যাসাঞ্জ কনস্যুলারদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পেয়েছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল নিকোলা রোক্সন বলেছেন, অ্যাসাঞ্জের বিষয়ে যুক্তরাষ্ট্র, সুইডেন ও যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছে অস্ট্রেলিয়া নিয়মিত বিবৃতি দিয়ে থাকে। একে ‘অনুরোধ প্রত্যাখ্যানের’ একটি কার্যকরী ঘোষণা বলে মন্তব্য করেছেন অ্যাসাঞ্জ।