ইকুয়েডরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল
ইকুয়েডরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আগামী শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করেছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। খবর বিবিসি অনলাইনের।সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় দেশটির পুলিশ বাহিনীর ওপর আস্থা হারিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাফায়েল। তাই তিনি ইকুয়েডরের কংগ্রেসকে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।জরুরি অবস্থায় দেশটির সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। এ সেনাবাহিনীই গত সপ্তাহে বিক্ষুব্ধ পুলিশ বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্টকে উদ্ধার করে।ইকুয়েডরে আইন করে সুযোগ-সুবিধা কমানোর প্রতিবাদে দেশটির পুলিশ সদস্যরা গত বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের ওই বিক্ষুব্ধ অবস্থার সময় প্রেসিডেন্ট কোরেয়া একটি টিয়ার শেলের বিস্ফোরণের অসুস্থ হয়ে পড়েন। এরপর বিদ্রোহী পুলিশ সদস্যরা প্রেসিডেন্টকে একটি হাসপাতালে ১২ ঘণ্টা জিম্মি করে রাখেন। এ ঘটনার এক দিন পর গত শুক্রবার ব্যাপক গুলিবিনিময়ের মধ্য দিয়ে দিয়ে বিদ্রোহী পুলিশের কাছ থেকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে যায়। প্রেসিডেন্ট ও তাঁর সমর্থকেরা পুলিশের এ কর্মকাণ্ডকে অভ্যুত্থানের চেষ্টা বলে অভিহিত করেন।এরপরই প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া দেশটিতে জরুরি অবস্থা জারি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের ক্ষমা না করার ঘোষণা দেন। ওই ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে।