ইকেবানা ও বনসাই থেকে আয়
আচ্ছা, ১৫ বছরের একটি বটগাছকে ছোট্ট একটি প্লেট বা ট্রের মধ্যে রেখে দিতে পারলে কেমন হয় বলুন তো। গাছটির ডালপালা, শাখা-প্রশাখা সবই থাকবে। শুধু বট নয়, এভাবে বড় সব গাছকে যদি পুষে রাখা যায় ঘরের কোনে, টবে, টেবিলের ওপরে, কিংবা বারান্দায়—মন্দ হতো না ব্যাপারটা, তাই না? অনেকেই হয়তো ভাবছেন, জাদু ছাড়া এ কাজ একদমই সম্ভব নয়! অবশ্যই সম্ভব। আর যেভাবে সম্ভব, সেই ম্যাজিক বা জাদুটার নাম হচ্ছে ‘বনসাই’।এটি মূলত জাপানি শব্দ। কারণ তাদের হাত ধরেই বনসাই বাস্তবে রূপ পেয়েছে—যা দেখতেও দৃষ্টিনন্দন। ছোট পাত্রে যেকোনো বড় গাছকে বছরের পর বছর সাজিয়ে রাখাই হলো বনসাই। সৌন্দর্যচর্চা ও বর্ধনে বাংলাদেশেও এটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। যে কেউ খানিকটুা প্রশিক্ষণ নিয়ে এই বনসাইয়ের মাধ্যমে মাসে বেশ কয়েক হাজার টাকা আয় করতে পারেন।বনসাইয়ের পাশাপাশি ঘরে বসে ইকেবানা করেও প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করা যায়। ‘ইকেবানা’র উৎপত্তিও জাপান থেকে। মূলত তাজা ফুলকে নান্দনিকভাবে সাজিয়ে তোলাই হলো ইকেবানা। বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানের শোভাবর্ধনে এটির কদর বাড়ছে। তবে শুরু হোক শেখা: গাছ বা ফুল এটি কার না ভালো লাগে! নিপুণ হাতে নান্দনিকভাবে সাজিয়ে তোলার বিদ্যা রপ্ত করতে পারলে এই শৌখিন কাজ করেও বাড়তি উপার্জন করা সম্ভব। ইকেবানা শিল্পী ও ইন্টেরিয়র ডিজাইনার ফারজানা গাজী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে এ দুটির যথেষ্ট চাহিদা রয়েছে। যেকোনো পারিবারিক অনুষ্ঠান, পার্টি, অফিস, রেস্তোরাঁ, ব্যাংক, হাসপাতাল কিংবা উৎসবে চোখে পড়ে ইকেবানা বা বনসাই। তাই আগ্রহী ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে এ ব্যবসা শুরু করতে পারেন।’ বনসাই তৈরিতে: যাঁরা বনসাই তৈরি করে আয় করতে চান, তাঁদের প্রথমে নিতে হবে প্রশিক্ষণ। বনসাই প্রশিক্ষক নাজমুল হক বলেন, ‘প্রথমেই সতর্কতার সঙ্গে গাছ নির্বাচন করতে হবে। কারণ অশ্বত্থ, বট, পলাশ, বকুল, গাব, তেঁতুল, নিম, ঝাই, পাকুড়, মেবাল, আপেল, পাইন, বেরি ক্যালেন্ডার ইত্যাদি গাছের বনসাই-ই বেশি আকর্ষণীয় হয়। এতে ছোট পাতাযুক্ত এক থেকে দুই বছরের গাছ বেছে নিতে হয়।’ রাজধানীর আগারগাঁওয়ের নার্সারি ব্যবসায়ী মাহতাব হোসেন জানালেন, ‘গাছের আকার নিজের ইচ্ছামতো করা যায়। এ জন্য শুরুতেই গোড়া, গুল্ম, শাখা-প্রশাখায় যে আকার আনতে চান, সেই নকশায় তার পেঁচিয়ে নিতে হবে। গাছের গুঁড়ি যাতে বেখাপ্পা না হয়ে যায়, সে জন্য শুরু থেকেই ডাল ছেঁটে রাখতে হবে।’বনসাই ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘তিন থেকে পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে বনসাইয়ের কাজ শুরু করা যায়। এই টাকা দিয়ে শ খানেক চারাগাছ কিনে বনসাই শুরু হতে পারে। এক বছর পরই বনসাই বিক্রির উপযুক্ত হয়ে উঠবে। এ সময় একেকটি গাছ ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা যাবে। বনসাইয়ের বয়স বাড়তে থাকলে এর চাহিদা ও দাম বেশ বেড়ে যায়।’ এভাবে বনসাই বিক্রির পাশাপাশি নতুন বনসাই তৈরির কাজ চালিয়ে গেলে তাতে আয় বাড়বে। ইকেবানা তৈরিতে: যেহেতু ইকেবানা তাজা ফুল দিয়ে সাজানো হয়, তাই এটির চাহিদা অনেক। ইকেবানা করা ফুল এক সপ্তাহ থেকে ১৫ দিন সুন্দরভাবে রাখা যায়। ফারজানা গাজী বলেন, ‘ইকেবানার তিনটি স্টাইলের প্রচলন আমাদের এখানে জনপ্রিয়। তাহলো খাড়া করে সাজানো, বাঁকা করে সাজানো এবং ঝুলন্ত পদ্ধতিতে সাজানো। প্রশিক্ষণ নিয়ে কাজটি শুরু করলে ভালো হয়।’ আজকাল করপোরেট হাউসগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। এতে দেশি-বিদেশি দুই ধরনের ফুলই ব্যবহার করা যায়। তবে গ্রাহকের চাহিদা মাথায় রেখে ফুলের ইকেবানা সাজাতে হবে। কম টাকার দেশি ফুল এমনকি বুনো ফুলেও চমৎকারভাবে ইকেবানা করা যায়। তিন হাজার টাকার পুঁজিতে ইকেবানা শুরু করা যায়। এতে মাসে ১০ থেকে ১২ হাজার কিংবা আরও বেশি টাকা আয় করা যায় বলে জানান ইকেবানা শিল্পীরা। যেখানে প্রশিক্ষণ: ঢাকায় বর্তমানে ইকেবানা ও বনসাই বিষয়ে কয়েকটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে।প্রতিষ্ঠানগুলো হচ্ছে—রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, বনসাই আর্ট সোসাইটি, ছায়াবীথি, দোসোকাই ইকেবানা স্কুল, সুবর্ণ রেখা, গুলশান আর্ট জোন।