ইকোনমিস্ট-গার্ডিয়ান বললে উৎফুল্ল, সরকার বললে খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের চরিত্রটাই এমন যে ‘ইকোনমিস্ট’ যখন বলে, “‘ওয়াল স্ট্রিট জার্নাল’ যখন বলে, অথবা “গার্ডিয়ান” পত্রিকা যখন কিছু বলে, তখন আমরা উৎফুল্ল হয়ে যাই। আর সরকার বললেই সেটা ঠিক হয় না, সেটা খারাপ।’ যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর মন্তব্য করতে গিয়ে আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটেন্ট বাংলাদেশের (আইসিএমএবি) সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি ২০৫০ সাল নাগাদ পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে, এই মর্মে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘গার্ডিয়ান’। কোনো প্রসঙ্গ ছাড়াই অর্থমন্ত্রী হঠাৎ নাম উল্লেখ না করে একটি গবেষণামূলক প্রতিষ্ঠানের সমালোচনা করেন। একই সঙ্গে সমালোচনা করেন অর্থনৈতিক সাংবাদিকদের।অর্থমন্ত্রী বলেন, ‘দেশীয় একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। কী যেন নাম তার...। এর একটি থিঙ্ক ট্যাংকও রয়েছে। জঘন্য ফাইন্ডিংস তাদের। সেখানে কোনো স্কলার আছে বলে আমার সন্দেহ হয়।’ ইদানীং সব কাগজে তাদের (ওই গবেষণা প্রতিষ্ঠানের) প্রতিবেদন খুব ফলাও করে ছাপা হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তারা বলে যে এ বছর প্রবৃদ্ধি বাড়বে না। তারা এটা বলে, ওটা বলে। তারা আরও বলে যে দেশের অর্থনীতির সবই নেতিবাচক। আর নেতিবাচক হলেই পত্রিকায়...।’ এ বিষয়ে পুরো বাক্যটি শেষ করেননি অর্থমন্ত্রী। তাঁর অবসর সময়ে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতার ওপর একটি প্রশিক্ষণের আয়োজন করার ইচ্ছা পোষণ করেন মুহিত। ২০১২ সাল কেমন গেল—জানতে চাইলে খুব ভালো বছর গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বছরের শুরুতে রাষ্ট্রপতি এ বিষয়ে বক্তব্য দেবেন সংসদে। সেটি তৈরি হচ্ছে। আর আমি দেব অর্থনীতি নিয়ে একটি বিবৃতি।’ অর্থমন্ত্রী বলেন, ‘বছরের আর কয়েকটা দিন বাকি। ভালো খবর যে এ বছর কোনো দুর্যোগ হয়নি। তবে খান সরওয়ার মুরশিদ, কবীর চৌধুরীর মতো অনেক গুণী ব্যক্তিকে এ বছর হারিয়েছে বাংলাদেশ।’