ইকোনমিস্টের প্রতিবেদন হতাশাজনক: ভারত
বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে ঘিরে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সাময়িকী ইকোনমিস্টে প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্ট নয়াদিল্লি। এ প্রতিবেদনের সমালোচনা করে ভারত একে হতাশাজনক ও দুর্বল অনুসন্ধানের ফসল বলে মন্তব্য করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা মনে করেন, বাইরের পৃষ্ঠপোষকতা থেকেই এ ধরনের পক্ষপাতমূলক ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘এমব্রেসঅ্যাবল ইউ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দিল্লির দেওয়া ব্যাগভর্তি টাকা ও পরামর্শ নিয়ে শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত বাংলাদেশের দেওয়া ট্রানজিট সুবিধা সামরিক কাজেও ব্যবহার করতে পারে।লক্ষণীয় যে ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী গত ২৩-২৪ জুলাই বাংলাদেশ সফরের পরপরই ওই প্রতিবেদনটি প্রকাশ করে ইকোনমিস্ট। ওই সফরকালে সোনিয়া তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে এ সম্মাননা দেওয়া হয়।ভারতের সরকারি সূত্রগুলো দাবি করেছে, ওই প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সুসম্পর্কের কথা এবং শেখ হাসিনা সরকারের জঙ্গিবিরোধী কঠোর পদক্ষেপের কথা বলা হলেও তার গভীরে যাওয়া হয়নি। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৬-৭ সেপ্টেম্বর ঢাকা সফরের আগে প্রকাশিত প্রতিবেদনটিতে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের সঠিক প্রতিফলন হয়নি।ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে কিছু ব্যক্তির মত প্রকাশিত হয়েছে এবং এতে ভারতীয় পক্ষের কোনো অভিমতই ছিল না। বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে সচেতন এক কর্মকর্তা বলেন, ‘প্রতিবেদনে পক্ষপাতমূলক মানসিকতা প্রতিফলিত হয়েছে, যা উন্নয়নশীল দেশ দুটির স্বার্থবিরোধী।’ ভারতীয় কর্মকর্তারা জানান, গত এক বছরে ভারতের অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। আগামী কিছু দিনের মধ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীরও বাংলাদেশ সফরের কথা। তাই বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে, তা সঠিক চিত্র নয় বলেও তাঁরা উল্লেখ করেন।ওই কর্মকর্তারা বলেন, ভারত অনেক দিন ধরেই তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের কাছে ট্রানজিট সুবিধা দেওয়ার দাবি করে আসছিল। কিন্তু এই রুট সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রস্তাব ভারতের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় দেয়নি।বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইকোনমিস্টের ওই প্রতিবেদনের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। ইকোনমিস্টের অনলাইন সংস্করণে তা প্রকাশিত হয়েছে।