ইঙ্গ-আফগান যুদ্ধের শিক্ষা মনে রাখেনি পশ্চিমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পশ্চিমারা। এ কারণেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট আফগান যুদ্ধে জড়িয়েছে। আর এখন তারা এই অনর্থক যুদ্ধের মাসুল গুনছে বিপুল আর্থিক ক্ষতি ও সেনার প্রাণ দিয়ে। তাই আফগানিস্তানকে অরক্ষিত রেখে চলে যাওয়ার তোড়জোড় করছে পশ্চিমারা।১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের মধ্যে চলে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ। উনিশ শতকের বিশ্বে অবস্থানের দিক থেকে আফগানিস্তান ছিল অগুরুত্বপূর্ণ। যদিও দেশটি তখন মধ্য এশিয়ার সবচেয়ে বড় বাজার, তবু সেখানকার মানুষ ছিল খুবই দরিদ্র। এ ছাড়া কোনো রকমে ক্ষমতা ধরে রাখাই ছিল সেখানকার শাসকদের রীতি। তবে ভারতে আক্রমণের জন্য এটি ছিল একটি সুবিধাজনক পথ। সবচেয়ে সম্পদশালী উপনিবেশ ভারতে রাশিয়ার আক্রমণ ঠেকানোই ছিল যুক্তরাজ্যের লক্ষ্য। এ জন্য আফগান শাসক দোস্ত মোহাম্মদের সঙ্গে আপসরফা ছিল যুক্তরাজ্যের জন্য সবচেয়ে সহজ উপায়। তবে ব্রিটিশরা সে পথ মারায়নি। আফগানিস্তান থেকে বিতাড়িত এবং প্রায় ৩০ বছর ভারতে নির্বাসিত সাবেক আফগান বাদশা শাহ সুজাকে আবার ক্ষমতায় বসানোর উদ্যোগ নেয় যুক্তরাজ্য। ফলে শুরু হয় এক ‘জটিল হিসাব-নিকাশ’।যা ভাবা হয়েছিল, এরপর তা-ই হলো। ৫৮ হাজার সেনা ও ৩০ হাজার উট নিয়ে যুক্তরাজ্য কাবুল দখল করল। শাহ সুজাও ক্ষমতা ফিরে পেলেন। শুরুতে নতুন বাদশার বিরুদ্ধে তেমন প্রতিবাদ করেনি আফগানরা। তবে কিছুদিন পর পরিস্থিতি ব্রিটিশদের জন্য বিরূপ হতে শুরু করে। আফগানরা দ্রুত বুঝে যায়, সুজা ভিনদেশি শাসকদের হাতের পুতুল ছাড়া আর কিছুই নন। এরপর প্রতিরোধ শুরু হয়ে যায়। উইলিয়াম ডালরিম্পেল তাঁর বইয়ে একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন স্থানীয় সর্দার ব্রিটিশ সেনাপতিকে জিজ্ঞেস করেছিলেন, ‘এ দেশে তোমরা বাহিনী নিয়ে এলে। কিন্তু এ দেশ থেকে কীভাবে বেরোবে তা নিয়ে কিছু ভেবেছ?’ সেনাপতি সে প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি।ব্রিটিশদের মোহভঙ্গকাবুল দখলের কিছুদিনের মধ্যে ব্রিটিশ সেনারা ভোগবিলাসে লিপ্ত হয়। প্রতিরোধহীন দেশে নিজেদের নিরাপদ করার জন্য তেমন কোনো উদ্যোগই নেয়নি তারা। উল্টো দেশটির ধর্ম নিয়ে উল্টাপাল্টা নিয়ম জারি করে জনবিক্ষোভের মুখে পড়ে। ব্রিটিশদের সংস্কারকাজের ফলে আফগানরা কর্তৃত্ব হারাতে শুরু করে, পণ্যের দাম যায় বেড়ে, শহরের চারদিকে গড়ে ওঠে রঙ্গশালা। আফগানরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক বছরের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। চীনের সঙ্গে আফিম যুদ্ধের পরিস্থিতি সামাল দিতে আফগানিস্তান থেকে অনেক সেনা সরিয়ে নেয় যুক্তরাজ্য। আফগানিস্তানের নিরাপত্তার জন্য অর্থ ব্যয়ও দুষ্কর হয়ে পড়ে বিদেশি শাসকদের জন্য। যে বেতনভুক্ত স্থানীয় আফগানরা রসদ সরবরাহের পথ পাহারা দিত, তাদের বেতন বন্ধ করে দেওয়া হলো। ফলে তারাও বিদ্রোহে যোগ দিল। ফলাফল হলো, দোস্ত মোহম্মদ ক্ষমতা ফিরে পেলেন।ইঙ্গ-আফগান যুদ্ধের ব্যয়এই যুদ্ধে ব্যয় হয়েছিল দেড় কোটি পাউন্ড বা এখনকার হিসাবে প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা। যুদ্ধে সাড়ে চার হাজার ব্রিটিশ সেনা ও ভারতীয় সিপাহি নিহত হন। অন্যরা কাবুল থেকে কোনো রকমে পালিয়ে প্রাণ রক্ষা করে। ব্রিটিশদের যুদ্ধের ইতিহাসে এমন করুণ পরাজয় খুব কমই আছে। ইতিহাসবিদেরা প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধকে ‘সুচিন্তাপ্রসূত নয়’ বলে অভিহিত করেন। ব্রিটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পেল তাঁর ‘দ্য রিটার্ন অব অ্যা কিং’ গ্রন্থে ওই যুদ্ধের মূল্যায়ন করেছেন। লেখক তাঁর বইয়ে উল্লেখ করেছেন, মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস, রাজনৈতিক অপরিপক্বতা, আমলাদের একগুঁয়েমি আচরণ আর অবিবেচনার ফল ছিল ওই যুদ্ধ এবং তার পরিণতি। ওই সময়ে ব্রিটিশদের আফগানিস্তান দখলের কোনো যৌক্তিকতাই ছিল না।ইতিহাসের পুনরাবৃত্তি১৮৩৯ থেকে ১৮৪২ সালে আফগানিস্তান আক্রমণ করে ব্রিটিশ বাহিনী যে ভুল করেছিল, সেই একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে ২০০১ সালে। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নামে আল-কায়েদা ও তালেবানদের দমনে ইঙ্গ-মার্কিন বাহিনী আফগান যুদ্ধের সূত্রপাত ঘটায়। কার্যত তালেবান শাসনের পতনের পর আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব নেয়। ২০০৩ সালে আফগানিস্তানের দায়িত্ব নেয় ন্যাটো বাহিনী।এক যুগের বেশি সময় পেরিয়ে গেছে। আফগানিস্তানে শান্তি আসেনি। কমেনি তালেবানের দাপট। প্রতিদিনই সেখানে বোমা হামলা, বন্দুকযুদ্ধ, অপহরণের ঘটনা ঘটছে। বেসামরিক আফগানদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদেরও প্রাণ যাচ্ছে।বর্তমানে আফগানিস্তানে মোতায়েন আছে ৫০টি দেশের এক লাখ ২০ হাজার সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা ৬৬ হাজার। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের কথা রয়েছে। জীবন ও সম্পদের বেহিসাবি ব্যয়বর্তমান আফগান যুদ্ধের ক্ষয়ক্ষতিও ব্যাপক। যুক্তরাষ্ট্র সরকারের হিসাব অনুযায়ী, এ যুদ্ধে এখন পর্যন্ত তিন হাজার ২৫৭ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই হাজার ১৭৭, যুক্তরাজ্যের ৪৪০, কানাডার ১৫৮, ফ্রান্সের ৮৬, জার্মানির ৫৩ এবং বাকি দেশগুলোর ৩৪৩ জন। ন্যাটো বাহিনীর আহত সেনার সংখ্যা সাড়ে ২৩ হাজার। ন্যাটো বাহিনীর সহযোগী সংস্থাগুলোর এক হাজার ১৪৩ জন মারা গেছেন এ যুদ্ধে। আহত হয়েছেন প্রায় ১৫ হাজার। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ১০ হাজারের বেশি সেনা এ যুদ্ধে মারা যান। আর কত বেসামরিক লোক যে প্রাণ হারিয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। এই যুদ্ধে কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় প্রায় এক লাখ ২০ হাজার কোটি ডলার বা প্রায় সাড়ে ৯৪ লাখ কোটি টাকা। যুক্তরাষ্ট্র ছাড়াও আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়ছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জর্ডান, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক ও যুক্তরাজ্যের সেনারা। এখন পশ্চিমা বাহিনীর প্রস্থানের পথ সহজ করতে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অথচ এই তালেবান হটাতেই তারা একদিন আফগানিস্তানে হামলা চালিয়েছিল। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতা ও সেখান থেকে তাড়াহুড়ো করে প্রস্থানের আয়োজন প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের কথাই মনে করিয়ে দেয়। ওই যুদ্ধের শিক্ষা মনে রাখেনি পশ্চিমারা।প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের পর ব্রিটিশরা যেমন দোস্ত মোহাম্মদকে হটিয়ে শাহ সুজাকে ক্ষমতায় বসিয়েছিল, তেমনি এবার তালেবানকে হটিয়ে ক্ষমতায় বসিয়েছে হামিদ কারজাইকে।ইঙ্গ-আফগান যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের ইতিহাসের পুনরাবৃত্তি কি অবশ্যম্ভাবী? প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আর কটা বছর। [দ্য ইকোনমিস্ট অবলম্বনে]