ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা
আমেরিকার জনপ্রিয় একটি সায়েন্স ফিকশন সিরিয়াল মর্ক অ্যান্ড মিন্ডি তখন টেলিভিশনে প্রচারিত হতো। সময়টা ১৯৭৮ থেকে ১৯৮২ সাল। সেখানে মিন্ডিকে দেখা যায় স্বাধীনচেতা এক কিশোরীর চরিত্রে। ভীষণ চঞ্চল, চটপটে আর সবকিছুই যেন তার কাছে অপ্রতিরোধ্য। যা করতে চাইবে, তা-ই করে দেখাবে।টিভি সিরিয়ালটি দেখে মনের মধ্যে একটি ছক আঁকেন নাজমী জামান চৌধুরী ও মালিহা হোসেন চৌধুরী। দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার পর তাঁরা যেন এই সন্তানের মধ্যেই খুঁজে পেলেন সিরিয়ালের মিন্ডিকে। আর তাইতো তাকে ডাকা শুরু করলেন মিন্ডি নামেই!কথার সঙ্গে কাজের মিল রেখেই চলছে মিন্ডি। বিভিন্ন কাজের মাধ্যমে একের পর এক নিজেকে প্রমাণ করেছে সে। সেদিনের এই ছোট্ট মিন্ডিই আজকের ওয়াসফিয়া নাজরীন। বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে তিনি জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট।ওয়াসফিয়ারা দুই ভাই এক বোন। বাবা নাজমী জামান ফরএভার লিভিং প্রোডাক্টস নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধান ও মা মালিহা চৌধুরী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন।ওয়াসফিয়ার বাবা-মা কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন মেয়েকে নিয়ে। বাবা নাজমী জামান বললেন, ‘কয়েক দিন ধরেই আবহাওয়া অনেক খারাপ ছিল। সে কারণেই আমরা ভীষণ চিন্তিত ছিলাম। গত রাতে সে যে এলাকা দিয়ে উঠছিল, সেটি ছিল “ডেথ জোন”। তাই এই রাতেও ঘুম হয়নি।’ সাড়ে সাতটার দিকে একটি ফোন আসার পর তিনি যেন নিজেকে ফিরে পেলেন। ‘আমি শুধু শুনলাম, সকাল ছয়টা ৪১ মিনিটে ওয়াসফিয়া এভারেস্টের চূড়ায় উঠেছে। ওর মাকে খবরটা জানালাম। কেউই চোখের পানি আটকে রাখতে পারলাম না। এরপর একের পর এক আনন্দবার্তা আসতে লাগল। সারা দিন এভাবেই কেটেছে। ওয়াসফিয়াকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে।’ হাসিমুখে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ওয়াসফিয়ার বাবা নাজমী জামান।মেয়ের আনন্দের খবরে মা মালিহা চৌধুরীর আনন্দটা যেন একটু অন্য রকম। আবেগাপ্লুত হয়ে বললেন, ‘ওর এভারেস্ট জয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গর্বে বুকটা ভরে গিয়েছিল। ওয়াসফিয়ার প্রচণ্ড ইচ্ছাশক্তির কাছে সব প্রতিবন্ধকতা হার মেনেছে। ওর এভারেস্ট জয় সমস্ত নারী স্বাধীনতার প্রতীক। এভারেস্ট জয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে ও বলেছিল, “যদি এভারেস্ট জয় করতে পারি, তাহলে এই জয় সকল নির্যাতিত নারীর উদ্দেশে উৎসর্গ করা হবে।” তাই এই জয় নির্যাতিত নারীদেরও জয়।’হিমালয়ের চূড়া ছোঁয়া মেয়ের কথা বলতে গিয়ে তাঁর বাবা-মা বারবার ফিরে গেলেন ওয়াসফিয়ার ছোটবেলার দিনগুলোতে। বাবা নাজমী জামান তখন ব্রিটিশ কোম্পানি জেমস ফিনেলেতে চাকরির সুবাদে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে পাহাড়ের ওপরে একটি বাড়িতে থাকতেন। ছোটবেলায় পাহাড়ের সঙ্গে দোস্তির শুরুটা ওখান থেকেই। নাজমী জামান বলছেন, ‘সারাক্ষণ ও পাহাড়ে ওঠানামা করত, অন্ধকারে একা একা এ ঘর থেকে ও ঘরে যেত। টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে দুঃসাহসিক অভিযানগুলো দেখে দেখে বলত, “আমি এমন কিছু করতে চাই, যা দেখে সারা পৃথিবীর মানুষের তাক লেগে যাবে। তোমরা কি আমাকে এগুলো করতে বাধা দেবে?” আমরা বলতাম, তুমি যদি এগুলো করে আনন্দ পাও, তাহলে আমাদের বাধা নেই, মা। স্বপ্নটা আসলে ওখান থেকেই শুরু।’ কথাগুলো বলতে বলতে বাবা-মায়ের মুখ আনন্দে ঝলমল করে ওঠে।ওয়াসফিয়ার ছোট ভাই ওয়াকার চৌধুরী ঢাকার চিটাগং গ্রামার স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। গতকাল সকালে স্কুলে থাকার সময় অধ্যক্ষ তাকে আলাদা করে ডেকে বোনের সফলতার খবর দিয়ে অভিনন্দন জানান। বড় ভাই সারওয়ার নাজাম চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বললেন, ‘অনুভূতি কী বলব! ভীষণ টেনশনে ছিলাম, শেষ পর্যন্ত ও পেরেছে। আনন্দ প্রকাশ করার ভাষা নেই আমার।’