ইচ্ছে হলো এক ধরনের গঙ্গাফড়িং
দৌড়াচ্ছে শারমীন। ফুল দিয়েছে। কিন্তু টাকা নিতে পারেনি। লাল-সবুজ বাতির চক্করে পড়ে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। গাড়ির ভেতর থেকে অর্ধেক বের হয়ে থাকা ১০টি টাকা নেওয়ার জন্যই তার এই দৌড়। অন্য গাড়ির ধাক্কা থেকে বেঁচে অবশেষে টাকাটা নিতে সক্ষম হলো সে। বিজয়ীর হাসি হেসে অপেক্ষা করতে লাগল পরবর্তী লালবাতির জন্য।এ দৃশ্য প্রতিদিনের। ঢাকার রাস্তায় বের হলেই অসংখ্য খুদে ফুল বিক্রেতা জেঁকে ধরে। তাদেরই একজন শারমীন। ভালো নাম শারমীন আক্তার। মা আদর করে ডাকেন মোনা বলে। ফুল দিয়ে অন্যদের জীবন সুরভিত করে চলে সে। কিন্তু তার জীবনে এই ফুল ছড়াতে পারেনি কোনো স্নিগ্ধতা, সুগন্ধ, ভালো লাগা কিংবা ভালোবাসা। মেয়েটির বয়স নয় বছর। এ বয়সেই শিখে গেছে পৃথিবীর হালচাল। বুঝে গেছে সব বাস্তবতা। পুতুলখেলা কিংবা ছোট ছোট হাঁড়ি-পাতিলে মিছিমিছি রান্নার ভাবনা আর ঠাঁই পায় না। ছোট্ট মাথাটায় সারা দিন ধরে ঘুরপাক খায় একটিই চিন্তা—কীভাবে গ্রাহককে ফুল কেনাবে!মা লুৎফা বেগম আর মেয়ে শারমীনের সংসার সোহরাওয়ার্দী উদ্যানে। নীল পলিথিনে মোড়া ঝুপড়ি ঘরটায় কোনো রকমে আশ্রয় নিয়েছেন দুজন। শারমীনের জন্ম চট্টগ্রামে। চার ভাইবোনের মধ্যে ও-ই সবচেয়ে ছোট। তারা থাকে কামরাঙ্গীরচরে। দু-তিন মাস পরপর এক দিন কি দুই দিনের জন্য থাকতে চলে যায় তাদের কাছে। সেখানেও অভাব আছে, আছে না খেয়ে থাকার চিন্তা। তবুও কিছুটা সময় বেশ আনন্দেই কেটে যায় তাদের। বাবা আবদুর রহমান নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন চট্টগ্রামেই। বয়সের ভারে প্রতিদিন কাজে যেতে পারেন না। অভুক্ত থাকার চেয়ে নিজেরই কাজ করা ভালো—এ চিন্তা থেকেই তিন বছর আগে লুৎফা বেগম মেয়েকে নিয়ে চলে আসেন ঢাকা শহরে। স্বপ্ন ছিল কিছুটা ভালোভাবে থাকার। এ শহর সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। ছয় বছরের মেয়েটার শিশু কর্মজীবীরূপে পরিণত হওয়ার পেছনের ইতিহাস এটাই।বেলি ফুল শারমীনের খুব প্রিয়। এর মনমাতানো গন্ধ অথবা সাদা স্নিগ্ধতার জন্য নয়। আপা-ভাইয়ারা এ ফুল বেশি পছন্দ করেন। তাই বিক্রিও হয় বেশি। মা-মেয়ের সংসারে উপার্জন অবশ্য বেশি নয়। ভোরে শাহবাগ থেকে যেদিন যে ফুল সস্তায় পায়, সে ফুল কিনে আনে। ১০০ টাকার গোলাপ অথবা বেলি। লুৎফা বেগম তোড়া বানিয়ে, মালা গেঁথে বালতিতে সাজিয়ে দেন। শারমীন বেরিয়ে পড়ে তা নিয়ে। শাহবাগ মোড়ে, টিএসসি চত্বরে, সোহরাওয়ার্দী উদ্যানে সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজেও হয়তো সব ফুল বিক্রি করা হয় না। ২০০ টাকার ওপরে আয় করা সম্ভব হয়নি কখনো। তবে মা-মেয়ে এতেই খুশি। কোনোভাবে তো দিন চলে যাচ্ছে।ভাত খেতে তার ভালো লাগে না। পছন্দের খাবার আপেল, কমলা, আম। মন ভালো করে দেয় পড়াশোনা, খেলাধুলা, গাছে ওঠার মতো কাজগুলো। মাকে খুশি করবে বলে, ‘হ মা, আমার ফুল বেচতে ভালাই লাগে। সারাটা দিন কী মজা কইরা ঘুরা বেড়ান যায়।’ কিন্তু মা অন্যদিকে তাকাতেই সে হাসি মুছে যায় তার। শিশুমন এর মধ্যেই বুঝে গেছে, কোন প্রশ্নে কোন উত্তর দিতে হয়। মায়ের চেহারার দিকে তাকিয়ে তাই সব অভিমানই লুকিয়ে রাখে সে। মা অন্যদিকে চলে গেলে গোমড়া মুখে জানাল, ফুল বেচতে ভালো লাগে না। অন্য কোনো ভালো কাজ পেলে সেটা করবে। পড়াশোনার ইচ্ছেটাকে তাই এখনো বাঁচিয়ে রেখেছে সে। যেন সেই ইচ্ছেটা এক গঙ্গাফড়িং। প্রথম শ্রেণীতে থাকতেই ঢাকায় আসতে হয়েছিল। এরপর আর বিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হয়নি। দুপুরে দুই ঘণ্টা তাই ‘পড়া আপুর’ (একজন আপু এসে প্রতিদিন বাচ্চাদের পড়িয়ে যান। তাঁর পরিচয় দিতে পারেনি কেউ) সঙ্গে পড়া। শারমীনের মতো অন্যান্য শিশু কর্মজীবীও সেখানে পড়ে। কিছুটা সময় স্বপ্নের মতোই কেটে যায় তাদের। মনে হতে থাকে, পড়াশোনা শিখে বড় হয়ে ভালো কিছু একটা করবে। ঘোরটা কেটে যেতে বেশি সময় লাগে না অবশ্য। পড়া শেষেই বেরিয়ে পড়তে হয় আবারও জীবিকার সন্ধানে।