বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি ও কোর্স ফি নিয়ে চলছে নৈরাজ্য। ভর্তি ফি, উন্নয়ন ফি—এসবের নামে কলেজগুলো ইচ্ছেমতো টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ভর্তির জন্য সর্বনিম্ন নয় লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে। এ বিপুল অঙ্কের ব্যয় নির্বাহ করা দেশের বেশির ভাগ অভিভাবকের জন্যই প্রায় অসম্ভব।এদিকে গত বছরের অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি নির্ধারণের উদ্যোগ নিলেও এ বিষয়ে এখনো কোনো আদেশ জারি করেনি।ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি নিয়ন্ত্রণের অভাবেই বেসরকারি মেডিকেল কলেজগুলো উচ্চহারে ভর্তি ফি নিতে পারছে। প্রসঙ্গত, বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালায় ভর্তি ফি নির্ধারণের বিষয়টির উল্লেখ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ এককালীন ১৩ লাখ টাকা নিচ্ছে। শিকদার উইমেন্স মেডিকেল কলেজে পুরো ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে লাগে ১৪ লাখ ৬৩ হাজার টাকা। ইব্রাহিম মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে যথাক্রমে প্রায় ১২ লাখ, ১২ লাখ ৭৫ হাজার ও ১৩ লাখ টাকা। ইবনে সিনা মেডিকেল কলেজে এককালীন নয় লাখ এবং প্রতিবছর এক লাখ করে দিতে হবে।ফেরদৌসি আলম খান নামে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের মেধাক্রম ভালো। কিন্তু চারটি মেডিকেল কলেজ ঘুরলেও কোথাও ১২ লাখ টাকার নিচে তাকে ভর্তি করতে রাজি হয়নি। মেয়েটাকে ডাক্তার বানানোর ইচ্ছে। কিন্তু মরে গেলেও এত টাকা দিয়ে বেসরকারি মেডিকেলে ভর্তি করা সম্ভব নয়।’ঢাকার বাইরের মেডিকেল কলেজগুলোর চিত্রও একই। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এককালীন নয় লাখ ৫১ হাজার টাকা ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ এককালীন সাড়ে নয় লাখ টাকা নিচ্ছে। তৃতীয় বর্ষে শিক্ষার্থীকে গুনতে হবে আরও এক লাখ টাকা। আর সিলেট উইমেন্স মেডিকেল কলেজে নয় লাখ টাকায় শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, যত দ্রুত সম্ভব বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি ফি নির্দিষ্ট করে দেওয়া উচিত। সরকারের সদিচ্ছা থাকলে এ কাজ সহজেই করা যায়। তিনি মন্তব্য করেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোকে অনুমোদন দেওয়া এবং কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নিতে পারলে সরকার ভর্তি ফি নির্ধারণ করতে পারবে না কেন?সরকার ফি নির্ধারণ করছে না: গত শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তির জন্য বিশাল অঙ্কের অর্থ আদায় করলে অভিভাবকসহ বিভিন্ন মহলে সমালোচনা হয়। এর প্রেক্ষাপটে ভর্তি ফি নির্ধারণের জন্য এ বছরের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বেসরকারি কলেজগুলোতে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা এবং অতি উচ্চ ভর্তি ফি নেওয়ার অভিযোগ বিষয়ে একটি প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে জমা দেয়।প্রতিবেদনে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজগুলো নিজেদের ইচ্ছেমতো ফি আদায় করছে। তারা পাঁচ বছরের কোর্স ফি বাবদ ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। কমিটি পাঁচ বছরের জন্য কোর্স ফি সর্বোচ্চ আট লাখ এবং মাসিক ফি সর্বোচ্চ চার হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে।কমিটির সদস্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে বিষয়ে মতামত নেওয়ার জন্য সংসদীয় কমিটিতেও তা পাঠানো হয়।একটি সূত্র জানায়, সংসদীয় কমিটি বিষয়টি খতিয়ে দেখতে একটি সাব-কমিটি গঠন করে। ওই কমিটি সরকারের তরফ থেকে ভর্তি ফি নির্ধারণ করে দেওয়াকে যৌক্তিক বলে উল্লেখ করে ফি আট লাখ টাকায় নির্ধারণ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। কিন্তু মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি।জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য সাংসদ মো. মুরাদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা ফি নির্ধারণ করি, কিন্তু কলেজের মালিকেরা তা মানতে চান না। তাঁরা আবার দর-কষাকষি করেন। আলোচনার ভিত্তিতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য একটা ফি নির্ধারণ করা উচিত।’নাম প্রকাশ করতে অনিচ্ছুক কমিটির আরেকজন সদস্য বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আন্তরিক হলে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফি নির্ধারণ করা সম্ভব।এদিকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আদেশ জারি করছে না। তিনি বলেন, ভর্তি ফি নির্ধারণে স্বাস্থ্যমন্ত্রী আন্তরিক হলেও শীর্ষ পর্যায়ের কয়েকজন নীতিনির্ধারণী কর্মকর্তা এর বিপক্ষে। এ কারণেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয়।কলেজগুলোর বক্তব্য: ফি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যেই আছে বলে দাবি করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাসান শহীদ সোহরাওয়ার্দী। তিনি প্রথম আলোকে বলেন, ‘যেসব শিক্ষার্থী ভর্তি হয়, তাদের সেই সামর্থ্য আছে।’ সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁদের কলেজে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে বলে জানান অধ্যক্ষ।বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘কলেজ পরিচালনা, শিক্ষার্থীদের পড়ালেখা, শিক্ষকদের বেতন, আনুষঙ্গিক সরঞ্জামের ব্যয়—সব মিলিয়ে ফি নির্ধারণ করা হয়। এ জন্য তা একটু বেশি হয়ে যায়। ফি কমালে শিক্ষার্থীদের হয়তো ভালো হয়, কিন্তু কলেজ পরিচালনা করতে ঝামেলায় পড়তে হবে।’ তবে শিক্ষার্থীদের স্বার্থে ফি ‘কিছুটা’ কমানোর পক্ষে মত দেন তিনি।বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে ২৭টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ফির উচ্চহার এবং সরকার কর্তৃক তা নির্ধারণ করার বিষয়ে অভিমত চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভর্তির ক্ষেত্রে বেসরকারি কলেজগুলো কত টাকা নিতে পারবে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া উচিত। কলেজগুলোকে সেই আলোকেই ভর্তি ফি নিতে হবে। উপাচার্য বলেন, ভর্তি ফির নামে ইচ্ছেমতো টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় তা খতিয়ে দেখবে।