ইছামতী নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে
বগুড়ার ধুনটের ইছামতী নদী থেকে প্রভাবশালী এক ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন। এতে মালোপাড়া গ্রামসহ শত শত বিঘা আবাদি জমি হুমকির মুখে পড়েছে।এলাকা ঘুরে জানা গেছে, ধুনট-পারধুনট জনগুরুত্বপূর্ণ পাকা রাস্তা। ওই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। ধুনট শহর থেকে এক কিলোমিটার উত্তরে মালোপাড়া গ্রামের সামনে ইছামতী নদী থেকে বালু তোলা হচ্ছে। নৌকার ওপর শ্যালো ইঞ্জিন বসিয়ে নদীর গভীর থেকে পাইপলাইনের মাধ্যমে বালু তোলা হচ্ছে। পারধুনট গ্রামের ব্যবসায়ী লুত্ফর রহমান দুই সপ্তাহ ধরে বালু তুলে তা স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের এলাকায় বিক্রি করছেন। বালু তোলার কারণে ধুনট-পারধুনট পাকা রাস্তা ও আবাদি জমিসহ মালোপাড়া গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী বালু তোলা বন্ধের দাবি করলেও কোনো কাজ হচ্ছে না।স্থানীয় কৃষক আবদুস সামাদ জানান, যেভাবে নদী থেকে বালু তোলা হচ্ছে, তাতে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।বালু ব্যবসায়ী লুত্ফর রহমান বলেন, ‘বালু তোলার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নিইনি। ক্ষমতাসীন দলের স্থানীয় এক প্রভাবশালী নেতার কাছ থেকে অনুমতি নিয়ে বালু তুলে বিক্রি করছি।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘ইছামতী নদী থেকে বালু তোলার বিষয়টি আমার জানা নেই।’ সরকারি অনুমতি ছাড়া এভাবে কেউ বালু তুলতে পারে না বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন জানান, ইছামতী নদী থেকে বালু তোলার কোনো অনুমতি নেই। এর পরও কেউ বালু তুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।