ইছামতীতীরের গাঁয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরচেনা ঢাকা শহর থেকে একটু দূরে কলাকোপা আর বান্দুরা। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পড়েছে এলাকা দুটি। একটা এলাকার নাম কারও মুখে এলে আরেকটার নামও চলে আসে। দুটোই যেন মানিকজোড়।কলাকোপা ও বান্দুরার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। নদীতীরের গ্রামগুলোর মধ্যে কলাকোপা একটু আলাদা। এখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ব্রিটিশ আমলের অসংখ্য ভবন। এর মধ্যে অন্যতম কোকিলপেয়ারী জমিদারবাড়ি বা জমিদার ব্রজেন সাহার ব্রজনিকেতন। এটা এখন জজবাড়ি নামে পরিচিত। মালিকানা বদলের কারণেই বদলে গেছে নাম। জজবাড়ির সামনের বিশাল প্রাঙ্গণে রয়েছে গাছগাছালি। একপাশে আছে হরিণের ডেরা। এই বাড়িতে মাঝেমধ্যে নাটক ও সিনেমার শুটিং হয়। কলাকোপায় আরও দেখা যাবে ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি, লোকনাথ সাহার বাড়ি (মঠবাড়ি বা তেলিবাড়ি), মধু বাবুর পাইন্নাবাড়ি, পোদ্দারবাড়ি, কালীবাড়ি প্রভৃতি। এখানকার অনেক ভবনের নির্মাণশৈলীর সঙ্গে ব্রিটিশ আমলে তৈরি পুরান ঢাকার হিন্দু জমিদার বাড়িগুলোর মিল পাওয়া যায়।জজবাড়ির পাশের যে রাস্তা, তার একটা দিক চলে গেছে আনসার ও ভিডিপির ক্যাম্পে। ক্যাম্পটি কারও কাছে তেলিবাড়ি নামে পরিচিত, কেউ বলে মঠবাড়ি। এখানে বেশ কয়েকটি পুরোনো ভবন আছে।কলাকোপায় রাধানাথ সাহার বাড়ির প্রধান ফটক গলে ভেতরে ঢুকলে সামনে পড়ে বিশাল উঠান। মাঝে জলাধার, আর তুলসী মঞ্চ। পাশেই পুজোর জন্য নির্দিষ্ট স্থান।ফুলতলী বাসস্ট্যান্ডের কাছেই বান্দুরা গ্রাম। এখানে প্রথমেই নজর কাড়ে হলিক্রস স্কুল। তবে এখানকার মনোহর স্থাপত্য হচ্ছে বিশাল মাঠের পাশের জপমালা রানীর গির্জা। পুরো গির্জা হলুদ বর্ণের সুন্দর কারুকার্যে খচিত। এখান থেকে ঢাকায় ফেরার আগে সামসাবাদ ও আলানপুরের তাঁতপল্লি ঘুরে এলে ভ্রমণের ষোলকলা পূর্ণ হবে।কলাকোপা ও বান্দুরায় দলবেঁধে মাইক্রোবাস নিয়ে ঘুরতে গেলে ভালো হয়। এ জন্য বুড়িগঙ্গায় বাংলাদেশ-চীন মৈত্রী দ্বিতীয় সেতু (বাবুবাজার ব্রিজ) পার হয়ে যেতে হবে নবাবগঞ্জ চৌরাস্তায়। সেখান থেকে মহাকবি কায়কোবাদ চত্বর হয়ে সোজা সড়কটি চলে গেছে কলাকোপা। আর যাওয়ার সময় কায়কোবাদ চত্বর থেকে একটু বাঁয়ে যাওয়া সড়কটি কলাকোপা হয়ে বান্দুরার পথ ধরেছে। কলাকোপা ও বান্দুরায় বাসেও যাওয়া যায়। এ জন্য গুলিস্তান, বাবুবাজার, কেরানীগঞ্জ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী থেকে সরাসরি বান্দুরার বাস সার্ভিস আছে। বাস বা মাইক্রোবাস যাতেই যাওয়া যান, বাসা থেকে একটু সকাল সকাল রওনা হওয়া চাই, তবেই কেবল দিনের আলো থাকতে ঢাকায় ফেরার সুযোগ থাকে। আর কলাকোপা ও বান্দুরায় আবাসিক হোটেল না থাকায় দিনে দিনে ঢাকায় ফেরা উত্তম। বাড়ি ফেরার সময় বান্দুরা বাজার ঘুরে জুতসই একটা মিষ্টান্নভান্ডারে ঢুঁ মারলে মন্দ হয় না।