ইজতেমা এলাকায় পানির সংকট: ৬০০ মুসল্লি অসুস্থ
লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শনিবার তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। ইজতেমা ময়দানে বিশুদ্ধ খাওয়ার পানি, শৌচাগার ব্যবস্থার তীব্র সংকট দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, তুরাগ নদের বিষাক্ত পানিতেই মুসল্লিরা একই সঙ্গে খাওয়া, গোসল, রান্না ও শৌচকাজ করছেন। ফলে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছেন মুসল্লিরা। আমাদের কালিয়াকৈর প্রতিনিধি জানান, এ পর্যন্ত প্রায় ৬০০ মুসল্লি এসব রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন। গত দুই দিনে সাতজন মুসল্লি মারা গেছেন।টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক মাহবুবুর রহমান বলেন, সেখানে প্রায় ৫০০ মুসল্লি চিকিত্সা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ১০০ জনকে ঢাকা মেডিকেল, হূদরোগ ইনস্টিটিউট, কলেরা ও বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। ইজতেমা ময়দানে সাতক্ষীরা সদর থেকে আসা মুসল্লি নূরুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এ বছর অনেক বেশি মুসল্লি ইজতেমায় এসেছেন। কিন্তু খাওয়ার পানি ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁরা চরম দুর্ভোগে রয়েছেন। কাল আখেরি মোনাজাতে আরও বেশি মুসল্লি আসবেন। কালকের মধ্যেই পানি ও শৌচাগারের বন্দোবস্ত করার আহ্বান জানান আরও কয়েকজন মুসল্লি। এদিকে ইজতেমায় দিন-রাত উপমহাদেশের প্রখ্যাত আলেমরা বয়ান করছেন। এখন জোহরের নামাজ চলছে। প্রতি ঘণ্টাতেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক আসছে। আসরের নামাজের পরে ইজতেমা মাঠে যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে।