ইজতেমা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৫
বিশ্ব ইজতেমা শেষে বাসে করে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ঝিনাইদহ: বিশ্ব ইজতেমা শেষে বাসে করে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা জানায়, সেনহাটি জাকারিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে উদয়ন পরিবহনের একটি বাস ভাড়া করেন। তাঁদের সঙ্গে সেনহাটি গ্রামের কয়েকজন বাসিন্দাও ছিলেন। বিশ্ব ইজতেমা শেষে গতকাল রোববার বিকেলে বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। আজ ভোর সাড়ে চারটার দিকে বাসটি রঘুনাথপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। গাড়িটি ছিটকে রাস্তার পাশে পড়ে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি জাকারিয়া কওমি মাদ্রাসার তিন শিক্ষক জাফর আহম্মদ (৪০), আলমগীর হোসেন (৩০) ও আবদুল কুদ্দুস (৪৫) এবং বাসের চালক মিনজান মণ্ডল (৩৮) নিহত হন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ব্রাহ্মণবাড়িয়া (সরাইল): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বরে গতকাল রাত ১১টার দিকে যাত্রীবাহী বাস উল্টে আবদুল হালিম মিয়া (১৮) নামের একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৫৫ যাত্রী। গুরুতর আহত ৩৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত যাত্রীরা জানায়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ৬০ জনের মতো যাত্রী নিয়ে বাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী আবদুল হালিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জের বাসিন্দা।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।