ইজতেমা ময়দানে অবৈধ স্থাপনা: জানতে চেয়েছেন হাইকোর্ট
টঙ্গীতে ইজতেমার জন্য বরাদ্দ করা ময়দানে অবৈধ স্থাপনা আছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়টি তদন্ত করে ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টঙ্গী পৌর মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।রুলে ওই জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং সারা বছর তা অবৈধ দখলমুক্ত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।ভূমি সচিব, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও টঙ্গীর পৌর মেয়রকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ২০০৭ সালের ৪ অক্টোবর তুরাগের রানা-ভোলা মৌজায় ইজতেমার জন্য ১৪ দশমিক ৯৩৫ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়। তবে সেখানে অবৈধ স্থাপনা আছে এমন অভিযোগ ও তা দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে তাবলিগ জামায়াতের প্রতিনিধি মো. ইসমলাইল ৩ জানুয়ারি এক রিট আবেদন করেন। আজ এ রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালের মো. আল আমিন সরকার। পরে আল আমিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ইজতেমা ময়দানে অবৈধ স্থাপনা রয়েছে কি না, তা তদন্ত করে টঙ্গী পৌর মেয়রকে ৩০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে রুলও জারি করেছেন।