ইজতেমা শুরু ১১ জানুয়ারি, এবারও দুই দফায় হবে
তাবলিগ জামাত আয়োজিত দেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবারও দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১১ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে তা। আয়োজকেরা টঙ্গীর তুরাগতীরে অবস্থিত ইজতেমা মাঠে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন।গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। বিপুলসংখ্যক মুসল্লির সুবিধার্থে এবং সংলগ্ন সড়কে যানজট এড়াতে বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজন করা হচ্ছে।আন্তমন্ত্রণালয় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। ইজতেমাস্থল ও মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রমতে, এবারের ইজতেমায় বাইরের প্রায় ১০০টি দেশের ২৫ হাজার মুসল্লি যোগ দিতে পারেন। এবারও আগের বছরের মতো বিদেশি অতিথিদের জন্য ইজতেমার জন্য ভ্রমণ ভিসা দেওয়া হবে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কাউকে ৩০ দিনের বেশি ভিসা দেওয়া হবে না। তবে ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ব্যাপারে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হবে না।জানা গেছে, দুই দফায় অনুষ্ঠেয় পুরো ইজতেমার সময় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবেন র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠের বিশাল প্যান্ডেল তৈরির জন্য ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা থেকে পাইপলাইন স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।ইজতেমার মুসল্লিদের আনা-নেওয়ার জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। এ ছাড়া রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের তথ্য অনুষ্ঠানের পাঁচ দিন আগে গণমাধ্যমে প্রচার করা হবে।কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার জন্য পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ব্যাপকভাবে তল্লাশি করা হবে। মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। স্বাস্থ্যসেবার জন্য ইজতেমা মাঠের তিনটি স্থানে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। হূদেরাগ, হাঁপানি, আগুনে পোড়া রোগী এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য টঙ্গী হাসপাতালে বিশেষ চিকিৎসা দল ও অ্যাম্বুলেন্স থাকবে। এ ছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণে এ হাসপাতালে থাকবে সার্বক্ষণিক ওআরটি কর্নার। এ ছাড়া ইজতেমাস্থলে গ্যাস সরবরাহের জন্য গ্যাস-সংযোগ পরীক্ষা করা হচ্ছে।