ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে (ভিডিও)
টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শনিবার ভোরে জিকির আর মুরব্বিদের বয়ান দিয়ে চলেছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। এ ছাড়া আজ বাদ জোহর ইজতেমা ময়দানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে শতাধিক গণবিয়ে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম দফা শেষ হবে। যৌতুকবিহীন বিয়ে বিশ্ব ইজতেমার এক জিম্মাদার জানান, বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল আজকের এই যৌতুক বিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে। আজ সকাল থেকেই অভিভাবকেরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ ও সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশেপাশের মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছুড়ে দেওয়া হয়।বয়ান বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশে বয়ান শুরু করেন ভারতের মাওলানা শওকত, পরে বাদ জোহর ভারতের মাওলানা মিয়াজী আজমত, বাদ আসর ভারতের জোবায়েরুল হাসান এবং বাদ মাগরিব বয়ান করেন আহম্মেদ লাট। এ সময় ইজতেমায় সমবেত দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশে তাবলিগের ছয় ওছুল কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিয়ে নিয়ত ও তবলিগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন মুরব্বিরা। বয়ান চলাকালে ময়দানজুড়ে নীরবতা বজায় ছিল। প্রথম দফা ইজতেমায় এ পর্যন্ত বিশ্বের ৮৫টি দেশের প্রায় আট হাজার বিদেশি মুসল্লি শরিক হয়েছেন।আরও এক মুসল্লির মৃত্যুগাজীপুর সদর হাসপাতালে স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন নরসিংদীর রায়পুরা থানার বড়াচর এলাকার সামছুল হক (৬০)। এ নিয়ে গত দুই দিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে।ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে যাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, তাঁদের আশপাশের চিকিত্সাকেন্দ্রগুলোতে বিনা মূল্যে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। গাজীপুরের সিভিল সার্জন চিকিত্সক হাবিবউল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, টঙ্গী সরকারি হাসপাতালে ও চিকিত্সা ক্যাম্পে প্রতিদিন শত শত মুসল্লি চিকিত্সা নিচ্ছেন। এর মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি।আখেরি মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলো ডটকমকে জানান, দোয়া মঞ্চের পাশে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, টঙ্গীর বাটা শু ফ্যাক্টরির ছাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোন্ডা (এটলাস) কারখানার ছাদে বিশেষভাবে তৈরি মঞ্চে বসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুসল্লিদের ভিড় বেশি হলে প্রধানমন্ত্রী তুরাগ নদের অপর পারে উত্তরা এলাকায় পলওয়েল করোনেশন ভবনের ছাদে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নিতে পারেন বলে তিনি জানান।মোনাজাতের দিন চলবে শাটল বাসআজ শনিবার রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে। তবে আগামীকাল রোববার সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, আখেরি মোনাজাত নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ ট্রেনটঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আবু তাহের জানান, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। এবারও তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বিরা বেতার-টিভিতে সরাসরি মোনাজাত সম্প্রচারে অনুমতি দেননি। তবে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গত বছরের মতো এবারও আখেরি মোনাজাত সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।