ইজতেমার জমিতে স্থাপনা-বস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের ১৬০ একর জমির মধ্যে প্রায় ২০ একর বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এসব জমিতে ছয়টি বেসরকারি প্রতিষ্ঠান, একটি কথিত মাজার ও বস্তি গড়ে উঠেছে।২০০৯ সালে গাজীপুর জেলা প্রশাসন জরিপ করে ইজতেমার মাঠের যে নকশা তৈরি করেছে, তাতে এসব প্রতিষ্ঠান, বস্তি ও মাজারের কোনো অস্তিত্ব নেই।বেদখল হওয়া জমির বিষয়ে ৩ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেছেন ইজতেমার কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল। রিটের পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। রুলে ইজতেমার মাঠ দখল হয়েছে কি না, তা খতিয়ে দেখতে টঙ্গী পৌরসভার মেয়রকে নির্দেশ দেওয়া হয়। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে মেয়রকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জমি দখল হয়ে থাকলে তা কেন উচ্ছেদের নির্দেশ দেওয়া হবে না এবং সারা বছর ইজতেমার মাঠ দখলমুক্ত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।তবে টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ এখনো পাননি। আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বলা সম্ভব নয়।১৯৯৫ সালে বিশ্ব ইজতেমার ময়দান হিসেবে সরকার ১৬০ একর জমি বরাদ্দ দেয়। সরকারি নকশা অনুযায়ী, গাজীপুরের সদর উপজেলার মাছিমপুর মৌজার ৯০ দশমিক ৮৮ একর ও টঙ্গী মৌজার ৬৯ দশমিক ১২ একর জমি নিয়ে ইজতেমা ময়দান। ময়দানের দক্ষিণ-পশ্চিমে তুরাগ নদ, উত্তরে টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়ক, পূর্বে কিছু অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং বাকি অংশে চারটি রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা।নকশায় সাবান কারখানা নেই: টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়ক দিয়ে ময়দানের ৫ ও ৬ নম্বর প্রবেশপথের মধ্যে গ্রিন সোপ অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড ও ইম্পেরিয়াল প্যাকেজিং সার্ভিসেস লিমিটেড নামের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটি মোট সোয়া দুই একর জমিতে অবস্থিত। তবে গ্রিন সোপ ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মারুফ হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ১৯৭৮ সালে শিল্প প্লট হিসেবে ওই জমি তাঁদের বরাদ্দ দিয়েছে রাজউক। পরে তাঁরা ইম্পেরিয়াল প্যাকেজিংকে কিছু জায়গা ভাড়া দিয়েছেন।আশরাফ টেক্সটাইলস: টঙ্গী মৌজায় (আরএস) ১৩, ১৪, ১৫ নম্বর দাগে রয়েছে আশরাফ টেক্সটাইল। এর পেছন দিকের (ইজতেমা মাঠসংলগ্ন) কিছু জমি কয়েক বছর আগে কিনে নেয় কর্ণফুলী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু ২০০৯ সালে তৈরি নকশায় আশরাফ টেক্সটাইলসংলগ্ন ৬৪ ও ৬৫ নম্বর দাগের জমিকে পতিত দেখানো হলেও বর্তমানে সেখানে পতিত জমির অস্তিত্ব নেই। সব মিলিয়ে এখানে ১২ দশমিক ৮৩ একর জমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।তবে আশরাফ টেক্সটাইল কারখানার সচিব মীর আবুল হাশেম দাবি করেন, তাঁদের সীমানাপ্রাচীরের ভেতরে ইজতেমা ময়দানের কোনো জমি নেই।দক্ষিণ দিকে দখল করা জমি: ভূমি অফিসের নকশায় মাঠের দক্ষিণ দিকের ৩৫ নম্বর দাগের জমিটি ইজতেমার পতিত জমি হিসেবে চিহ্নিত। বাস্তবে দেখা গেছে, এই ২ দশমিক ২৬ একর জমিতে ব্যক্তিমালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো হলো: সম্রাট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, লিরা ইন্ডাস্ট্রিজ ও পিমকি অ্যাপারেলস। তবে এ জমির ভোগদখলকারী লিরা-সম্রাট গ্রুপ। তাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পিমকি অ্যাপারেলস।লিরা-সম্রাট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ইকবাল প্রথম আলোকে দাবি করেন, ১৯৬২ সালে সানসাইন সোপ অ্যান্ড কেমিক্যাল কোম্পানির নামে জমিটি বরাদ্দ দেয় সরকার। এখানে তৈরি হতো ইম্পেরিয়াল লেদার সোপ। নব্বইয়ের দশকে এই কোম্পানির অংশীদারি কিনে নেয় লিরা-সম্রাট গ্রুপ। পরে সানসাইন সোপ কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। ২০০০ সালে এই জমি নিলামে উঠলে তা লিরা-সম্রাট গ্রুপ কিনে নেয়।বস্তি ও মাজার: নকশায় উল্লিখিত ২৫, ২৬, ২৭, ৪০ নম্বর দাগে ২ দশমিক ৫৭ একর জমিতে একটি কথিত মাজার ও বস্তি গড়ে উঠেছে। জায়গাটি এখন ‘মাজার বস্তি’ নামে পরিচিতি পেয়েছে।বিশ্ব ইজতেমার মাঠের জিম্মাদার আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘আমাদের ময়দানের জায়গা বুঝিয়ে দেওয়া হলেও পুরো জমি বুঝে পাইনি। এই জমির ওপরে কারখানা হয়েছে, মাছের আড়ত বসেছে, মাজার গড়ে উঠেছে। এদিকে প্রতিবছরই ইজতেমায় লোক বাড়ছে। ফলে এবার হোন্ডার (এটলাস বাংলাদেশ লি.) এক পাশের দেয়াল ভাঙতে হয়েছে।’ তিনি বলেন, সরকার যদি ইজতেমা মাঠের বেদখল হওয়া জমি উদ্ধারের ব্যবস্থা করে, তাহলে সবারই আমল বাড়বে।এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবীর জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর ইসলাম এ বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা লুৎফর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। যোগাযোগ করা হলে লুৎফর রহমান জানান, ইজতেমার লোকজন টেলিফোনে কিছু জমি বেহাত হওয়ার কথা বলেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে তিনি লিখিত কোনো আবেদন পাননি।