ইজতেমায় জুমার নামাজে মুসল্লির ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তিন দিনব্যাপী ইজতেমার এই পর্বে আজ দুপুরে জুমার নামাজে অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।বিশ্ব ইজতেমার মাসলেহাল (সমস্যা সমাধান) জামাতের সদস্য আদম আলী বলেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত হূদরোগ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে চারজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন: আফজাল হোসেন (৬০), মো. নাজির আহম্মদ (৫৫), মো. বাদল ফকির (৭০) ও শামসুল হক (৭০)। এ নিয়ে বিশ্ব ইজতেমায় দুই পর্বে ১৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন গোদরা বাদ ফজর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার মূল কাজ শুরু করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুল রহমান। বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় মূল বয়ান তরজমা করা হয়।আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাতের আগে পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান করেন।বৃহত্তম জুমার জামাতবিশ্ব ইজতেমার শুরুর দিন আজ শুক্রবার জুমার দিন হওয়ায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। বেলা দেড়টায় নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলাপাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।দ্বিতীয় দফার প্রথম দিনের বয়ানকারীদ্বিতীয় দফার প্রথম দিনে বাদ ফজর, ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন গোদরা, বাদ জুমা বাংলাদেশি মাওলানা মো. হোসেন, বাদ আসর ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান ও বাদ মাগরিব ভারতের মাওলানা সাদ বয়ানকারীদের তালিকায় রয়েছেন বলে জানান বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি মো. গিয়াস উদ্দিন। টঙ্গী হাসপাতালে চিকিৎসাগাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ বলেন, টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিচালিত তিনটি মেডিকেল ক্যাম্পে আজ সকাল আটটা পর্যন্ত গত দুই দিনে বিভিন্ন রোগে আক্রান্ত তিন হাজার ৮২৭ জন মুসল্লি চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে শ্বাসকষ্ট ও হূদরোগজনিত রোগে ১৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ১৫ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানাগাজীপুর জেলা নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকরাম আলী বলেন, ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দুপুর পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেলের মালিকদের বিরুদ্ধে নয়টি মামলা দায়ের ও ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আড়াই হাজার বিদেশি মুসল্লিদ্বিতীয় পর্বের প্রথম দিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, যুক্তরাজ্যসহ বিশ্বের ৭৭টি দেশের প্রায় আড়াই হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি অতিথিদের জন্য মোট তিনটি ট্যান্ট নির্মাণ করা হয়েছে। ইজতেমার মুরব্বিদের তথ্যমতে, ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন শুরু করা হয়। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বর্তমানস্থলে স্থানান্তর করা হয়েছে। পরে সরকারিভাবে তুরাগতীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়।