ইজারা নিয়ে কুলিয়ারচরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। একটি হাটের ইজারা পাওয়া নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন লিটন ও সাবেক সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।আওয়ামী লীগ নেতা-কর্মী সূত্রে জানা গেছে, উপজেলার ডোমরাকান্দা হাটবাজারের ইজারা পেতে আবুল হোসেন লিটন সমর্থিত যুবলীগ নেতা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন সমর্থিত যুবলীগ নেতা মনির হোসেন ইজারা দরপত্রে অংশ নেন। পরে বিধি অনুযায়ী কার্যাদেশ পান মনির হোসেন। এ নিয়ে দুই সপ্তাহ ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। আজ সকাল আটটার দিকে মনির হোসেন লোকজন নিয়ে বাজারের ইজারার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যান। এ সময় নজরুল ইসলামের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের ৪০০-৫০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবুল মিয়া (২৫), আরস মিয়া (৩৫), কাইয়ুম মিয়া (২০), লিটন মিয়া (২০) ও রুপক রায়কে (৩০) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, হাট-বাজারের ইজারা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতেরা সবাই দেশীয় অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।