সরকারি ব্যবস্থাপনায় ছয় বছর থাকার পরও বিশ্ব ঐতিহ্যের অংশ রামসার সাইট বলে খ্যাত টাঙ্গুয়ার হাওরের সার্বিক প্রকৃতি ও পরিবেশের কোনো উন্নতি হয়নি। উন্নয়ন ঘটেনি হাওরপারের মানুষের জীবনমানের। এই ব্যবস্থাপনায় হাওরের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন ও উত্পাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়—এ কথা জানিয়ে আগের ইজারাদারিতেই ফিরে যেতে সরকারের ঊর্ধ্বতন মহলকে পরামর্শ দিয়েছেন টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক।জেলা প্রশাসকের এই পরামর্শকে রামসার চুক্তির বরখেলাপ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন (আইইউসিএন)। এ ছাড়া হাওরপারের মানুষও পুরোনো ইজারাদারি প্রথায় ফিরে যাওয়ার ঘোর বিরোধী। হাওরে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।হাওরে ছয় বছরের সরকারি ব্যবস্থাপনার মূল্যায়ন করে সুনামগঞ্জের জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠান। এতে বলা হয়েছে, বর্তমান ব্যবস্থাপনায় বিগত বছরগুলোতে হাওরে মাছের প্রজনন ও উত্পাদন বাড়ানোর কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থা চলতে থাকলে অচিরেই টাঙ্গুয়ার হাওরের মাছের বিশাল ভান্ডার শূন্য হয়ে পড়বে।চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, এত কিছুর পরও গত তিন বছরে মাত্র ৩৬ লাখ টাকার মাছ আহরণ করা হয়েছে। হাওরে নিয়মিত মাছ চুরি হয়। বিশাল হাওরের নিরাপত্তা নিশ্চিত করা এই আনসার ও পুলিশের সদস্যদের দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আইইউসিএন বিগত বছরে যে কাজ করেছে, তার দৃশ্যমান চিত্র আশাব্যঞ্জক নয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এক সময় হাওরটি দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হতো। সরকার প্রায় কোটি টাকা রাজস্ব পেত। হাওরে ইজারাদার তাঁর স্বার্থেই আরও তিনগুণ টাকা ব্যয় করতেন। ইজারাদার হাওরে বাঁশ-কাঁটা দিতেন, বর্তমান ব্যবস্থাপনায় যা সম্পূূর্ণ অনুপস্থিত।জেলা প্রশাসকের এই পরামর্শকে রামসার চুক্তির বরখেলাপ বলে মন্তব্য করেছেন আইইউসিএনের টাঙ্গুয়ার হাওরে সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের প্রধান আ ফ ম রেজাউল করিম। তিনি জানান, আইইউসিএন টাঙ্গুয়ার হাওরে ১৫ বছরের একটি প্রকল্প হাতে নিয়েছে। হাওরপারের ৮৮টি গ্রামের মানুষকে সংগঠিত করে একসময় তাদের হাতেই ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দেওয়া হবে। দুই বছরের পরীক্ষামূলক কাজ শেষে গত বছরের মে মাস থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এর মধ্যে গ্রামের লোকজন তাদের নিজস্ব উদ্যোগে প্রায় ৭৬ লাখ টাকার একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে হাওরপারের এক হাজার ৮০০ পরিবারকে ৫২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।রেজাউল করিম বলেন, ‘কোনো অবস্থাতেই ইজারাদারিতে ফিরে যাওয়া যাবে না। রামসার চুক্তিবিরোধী কোনো কাজ হলে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে খাটো হবে।’ জেলা প্রশাসকের চিঠি সম্পর্কে তিনি বলেন, ‘এটা হয়তো একান্তই তাঁর নিজস্ব মতামত। তিনি কিসের ভিত্তিতে এভাবে বললেন, আমাদের তা বোধগম্য নয়।’হাওরপারের মানুষ নিজেরাই পর্যায়ক্রমে দায়িত্ব নিতে চায় হাওর ব্যবস্থাপনার। গত শুক্রবার হাওরে বাণিজ্যিকভাবে মাছ আহরণ শুরু হয়েছে। হাওর এলাকার সহস্রাধিক লোক জড়ো হয়েছিল সেদিন। এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, ইজারাপ্রথা আবার চালু হলে পুরোনো দিন ফিরে আসবে। হাওরে লাশ পড়বে। মাছ ধরা তো দূরে থাক, সাধারণ মানুষ হাওরের পানিও ছুঁয়ে দেখতে পারবে না।ধরমপাশা উপজেলার রংসি গ্রামের আইনুদ্দিন (৬৫) ও শুকুর আলী (৬০) বলেন, হাওর ব্যবস্থাপনার জন্য এখন গ্রামে গ্রামে সমিতি হচ্ছে। মানুষ সংগঠিত হচ্ছে। এভাবে এক সময় হাওরের মানুষই এর সম্পদের মালিক হবে। তাহিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের আব্দুল খালেক (৭২) বলেন, ‘আমরা সাধারণ মানুষ যদি আনসার-পুলিশের সঙ্গে পাহারায় যোগ দিই, তাহলে মাছ চুরি বন্ধ হবে।’ নোয়াগাঁও গ্রামের আব্দুল হক (৬৮) বলেন, ‘যারা হাওর পাহারা দেয়, তারাই যদি মাছ চুরিতে এবং হাওরের সম্পদ নষ্ট করতে সহযোগিতা করে, তাহলে উন্নয়ন হবে কীভাবে?’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশা ও তাহিরপুর উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে প্রায় সাত হাজার একর জায়গা নিয়ে গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। জেলার সবচেয়ে বড় জলমহাল এটি। এক সময় জীববৈচিত্র্যের আধার ছিল হাওরটি। ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে ‘সংকটাপন্ন’ এলাকা ঘোষণা করা হয়। এর মাধ্যমে হাওরে দীর্ঘ ৬০ বছরের ইজারাপ্রথার অবসান ঘটে। ২০০০ সালের ২০ জানুয়ারি এই হাওরকে রামসার সাইট (জলা ভূমির টেকসইযোগ্য ব্যবহার এবং সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি) হিসেবে ঘোষণা করা হয়। হাওর এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে ২০০১ সালের ১২ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০০৩ সালের ৯ নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের ১০ জন ও আনসারের ৪০ জন সদস্য সার্বক্ষণিক হাওরের সম্পদ পাহারায় রয়েছেন। বিগত ছয় বছরে এ কাজে সরকারের প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে। ব্যয় বাড়ছে দিন দিন। পাশাপাশি আইইউসিএন বাংলাদেশ সেখানে কাজ করছে।টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন বলেন, ‘পুলিশ-আনসারদের বিরুদ্ধে যত অভিযোগ আছে, সবই ঠিক। একা একজন ম্যাজিস্ট্রেট কী করবেন বলুন। হাওরপারের মানুষ খুবই গরিব। যা হয়, গরিব মানুষের স্বার্থেই।’জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ হাওরের কয়েকটি জলমহালে মত্স্য আহরণ বন্ধ রেখে টাঙ্গুয়াকে দীর্ঘমেয়াদি (তিন থেকে পাঁচ বছর) ইজারা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘আমি যা ভালো মনে করেছি, চিঠিতে তাই বলেছি। এখন সরকার যা ভালো মনে করবে, সেটাই হবে। তবে এ অবস্থা চলতে থাকলে ১০ বছর পর টাঙ্গুয়ার হাওরে মাছ বলে কিছু থাকবে না।’পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা জাতীয় প্রকল্প পরিচালক, টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির প্রথম সভাপতি জাফর সিদ্দিক বলেন, ‘আমি বর্তমান জেলা প্রশাসকের চিঠি পড়ে দেখিনি। এই হাওর নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক গবেষণা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে শুধু মাছের বিচার করলে চলবে না। হাওরের সব দিক বিবেচনা করতে হবে। সরকার ব্যবস্থাপনার ব্যয় দিচ্ছে। এখন কেউ যদি বলেন এটা সম্ভব নয়, তাহলে তা দেশের জন্য ক্ষতিকর।’