ইজিবাইক মালিক সমিতির নামে চলছে চাঁদাবাজি
যশোর শহরের ছয়টি রুটে এক হাজার ২০০-এর মতো ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ইজিবাইক চলছে। ইজিবাইক মালিক সমিতির নামে একটি চক্র প্রতিদিন বাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে ১০ টাকা হারে চাঁদা তুলছে। এই চাঁদার টাকা কোথায় যায়, তা কেউ জানে না। মনিহার, দড়াটানা, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়ি, খাজুরা স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায়ের জন্য মালিক সমিতি সন্ত্রাসী গোছের উঠতি বখাটে যুবকদের নিয়োজিত করেছে। তারা টোকেন দিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে। ২২ জানুয়ারি মনিহার মোড়ে চাঁদার টাকা নিয়ে চালক আরিফের সঙ্গে চাঁদা উত্তোলনকারী কাসেমের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মালিক পক্ষ ও চালকদের মধ্যে সংঘর্ষ ও পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মনিহার দড়াটানা রুটে দুই ঘণ্টা ইজিবাইক চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়। আটকও হয়েছিল তিনজন। মালিক সমিতির সভাপতি মাসুদুজ্জামান বলেন, ‘বিভিন্ন রুটের বাইক চলাচলের সিরিয়াল-ব্যবস্থাপনা ও চাঁদার টাকা তোলার জন্য ২৫ জন স্ট্যাটার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দৈনিক ১২০ থেকে ১৪০ টাকা করে দিতে হয়। এ ছাড়া বাইক চলাচলের জন্য রাস্তায় কিছু পয়সা খরচ হয়। এ কারণে চাঁদা নেওয়া হচ্ছে।’যশোর পৌরসভার টারমিনাল বিভাগের জুনিয়র সুপারভাইজার মনিরুজ্জামান জানান, শহরের দড়াটানা-মনিহার, দড়াটানা-পালবাড়ি, দড়াটানা-চাঁচড়া, দড়াটানা-খাজুরা স্ট্যান্ড, খাজুরা স্ট্যান্ড-পালবাড়ি ও খাজুরা স্ট্যান্ড-মনিহার রুটে লাইন্সেস করা ৭৫০ ও লাইন্সেসবিহীন প্রায় ৫০০ ইজিবাইক চলে।ইজিবাইক চালক শেখহাটি এলাকার সন্তোষ কুমার পাল বলেন, ‘দুবছর ধরে যশোর শহরে ইজিবাইক চলছে। আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে নিজেই চালাই। দৈনিক আয় হয় তিন থেকে সাড়ে তিন শ’ টাকা। ঋণের কিস্তি শোধ ও ব্যাটারি চার্জের খরচ দিয়ে অল্প কিছু টাকা থাকে। তার ওপর চাঁদার বাড়তি চাপ।’পুলিশের শহর যানবাহন পরিদর্শক (টি আই) সিদ্দিকুর রহমান বলেন, ‘এভাবে চাঁদা না তোলার জন্য বহুবার মালিক সমিতিকে সতর্ক করা হয়েছে। চাঁদা তোলার সময় স্ট্যাটার পরিচয়ধারী ওই যুবকদের কান ধরে উঠ-বসও করানো হয়েছে। কিন্তু তা বন্ধ না হওয়ায় আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ ওইসব চাঁদাবাজের বিরুদ্ধে মামলা বা অভিযোগ করে তবে ব্যবস্থা নেওয়া হবে।’