কাগজে-কলমে রেলওয়েতে ইঞ্জিন আছে ২৯৪টি। কিন্তু জানুয়ারি মাসের ইঞ্জিন সরবরাহসংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ওই মাসে পূর্বাঞ্চলে ৬১, পশ্চিমাঞ্চলে ৭০ শতাংশ ইঞ্জিন কার্যকর ছিল। বাকি ইঞ্জিনগুলো হয় মেরামত কারখানায় নতুবা মেরামতের জন্য কারখানায় পাঠানোর অপেক্ষায় ছিল। রেলওয়ের একজন যান্ত্রিক প্রকৌশলী বলেন, অধিকাংশ ইঞ্জিন আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ার পরও ব্যবহূত হচ্ছে বলে সব সময় কার্যকর ইঞ্জিনের সংখ্যা দেড় শ থেকে পৌনে ২০০-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। বর্তমানে আন্তনগর, মেইল ও লোকাল মিলে সারা দেশে ২৮১টি ট্রেন চলে। এর বাইরে চলে কিছু কনটেইনার ও মালবাহী ট্রেন। ফলে সচল ইঞ্জিনের তুলনায় বেশি ট্রেন চলাচল করার কারণে একই ইঞ্জিন বিরামহীনভাবে ব্যবহার করতে হচ্ছে। ফলে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটছে বেশি। রেলওয়ের মাসিক অপারেশনাল প্রতিবেদন থেকে জানা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে ৪৯টি ইঞ্জিন চলার পথে বিকল হয়। কাগজে-কলমে রেলওয়েতে কোচ আছে এক হাজার ৫০৯টি। গত জানুয়ারি মাসের হিসাবে দেখা গেছে, রেলওয়ের পূর্বাঞ্চলে সাড়ে ২৭ ও পশ্চিমাঞ্চলে ৩৬ শতাংশ কোচ বিকল কিংবা ব্যবহার-অনুপযোগী ছিল। সরকারের তিন বছরে নতুন একটি যাত্রীবাহী কোচও আমদানি হয়নি। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে রেলের বহরে মাত্র ১৭টি ইঞ্জিন যুক্ত হয়েছে। এ সময় কোচ কেনা হয়েছে মাত্র ১০২টি। গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোরিয়া থেকে প্রায় ২১০ কোটি টাকায় নয়টি ইঞ্জিন কেনা হয়। প্রতিটি ইঞ্জিনের দাম পড়ে প্রায় ২৩ কোটি ৩৩ লাখ টাকা। এই নতুন ইঞ্জিনও বিকল হচ্ছে যখন-তখন। এই ইঞ্জিন কেনার প্রকল্প ১৯৯৬ সালে নেওয়া। গত বছর এই প্রকল্প সমাপ্ত হয়েছে। স্টেশন বন্ধ: জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে গত চার বছরের ব্যবধানে সারা দেশে রেলওয়ের ১৬০টি স্টেশন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ১১৯টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বাকি ৪১টি স্টেশন আংশিক বন্ধ আছে। সর্বশেষ গত নভেম্বর মাসে নরসিংদী স্টেশন বন্ধ হয়। সারা দেশে রেলস্টেশন আছে ৪৪০টি। রেলকে ঢাকা, চট্টগ্রাম, পাকশি ও লালমনিরহাট—এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২১টি, পাকশিতে ৪৪টি ও লালমনিরহাটে ২৭টি স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আংশিকভাবে বন্ধ আছে ঢাকা বিভাগে সাতটি, চট্টগ্রামে সাতটি, পাকশিতে ১৩টি ও লালমনিরহাটে ১২টি স্টেশন। সব শ্রেণী মিলিয়ে রেলওয়েতে অনুমোদিত পদ আছে ৪০ হাজার ২৬৪। বর্তমানে কর্মরত আছে ২৩ হাজার ৫৭২টি। শূন্যপদ ১৬ হাজার ৬৯২। রেলওয়ে সূত্র জানায়, শূন্যপদের মধ্যে স্টেশনমাস্টার ও ট্রেন-চালকের অভাবটাই সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মাস্টারের অভাবে স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে এবং দক্ষ চালকের অভাবে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।