ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ২০ যাত্রী আহত
নাটোরের আবদুলপুর রেলওয়ে জংশনে আজ শনিবার সকালে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় একই ট্রেনের দুটি বগিতে সজোরে ধাক্কা দেয় ইঞ্জিনটি। এতে দুটি বগিতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় রেলস্টেশন সূত্রে জানা যায়।আবদুলপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, সকাল আটটায় রাজশাহী থেকে লালমনিরহাটের চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে পৌঁছায়। এ সময় গতিপথ পরিবর্তনের জন্য ইঞ্জিন ঘুরিয়ে আবার বগির সঙ্গে লাগানোর চেষ্টা করা হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই ট্রেনের ‘ক’ ও ‘খ’ বগির জানালা-দরজা দুমড়ে-মুচড়ে যায়। বগিতে থাকা যাত্রীরা এদিক-সেদিক ছিটকে পড়েন। বগির জানালা-দরজার কাচ ভেঙে কয়েক যাত্রীর শরীরে বিদ্ধ হয়েছে। এতে দুটি বগির প্রায় ২০ যাত্রী আহত হন। আহত যাত্রীরা আবদুলপুর, লালপুর ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।আহত যাত্রী নীরা হালদার হাসপাতালে যাওয়ার পথে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার চোখে কাচের টুকরো ঢুকে পড়েছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না।’ আহত আরেক যাত্রী জগো হালদার বলেন, ‘ইঞ্জিনটি বিকট শব্দে আমাদের বগিতে ধাক্কা দিয়েছে। মুহূর্তে কে কোথায় পড়েছি, বলতে পারব না। আমার পা ভেঙে গেছে। আমাদের মতো অন্তত ২০ জনের হাত-পা ভেঙেছে। চোখ-মুখ কেটে গেছে।’দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিতুমীর এক্সপ্রেসের পরিচালক বি কে দাস প্রথম আলো ডটকমকে বলেন, ঘন কুয়াশা থাকায় ট্রেনের চালক আবদুর রশিদ সংকেত বুঝতে পারেননি। দুর্ঘটনায় যাত্রীরা আহত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইঞ্জিনের ধাক্কায় ক ও খ বগির চাকার প্লেট সরে গেছে।’এ ঘটনার পর স্টেশনে থাকা লোকজন ও যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় ট্রেনটি দ্রুত নাটোর স্টেশনের দিকে চলতে শুরু করে। সকাল পৌনে নয়টায় ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছায়। এ সময় আহত ব্যক্তিদের মধ্যে অন্যরা নাটোর হাসপাতালে ভর্তি হন। ক্ষতিগ্রস্ত বগি দুটি নাটোর স্টেশনে রেখে সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে রওনা হয়।