ইট-পাটকেল নিক্ষেপের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আজ সোমবার বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালে পিকেটিংয়ের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দল গতকাল রোববার হরতাল ডাকে। হরতালের সমর্থনে গত শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি শহরে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের মুক্তারপাড়া এলাকায় পৌঁছলে একটি বাড়ির ছাদ থেকে কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ অন্তত পাঁচ নেতা-কর্মী সামান্য আহত হন। আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। এ ঘটনার প্রতিবাদে ওই দিনই এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।হরতালের শুরুতে সকালে শহরের এসবি ফজলুল হক রোডে একটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।শাহজাদপুর উপজেলার বেতকান্দি ও পোরজনা বাজারের সামনের সড়কে পিকেটিংয়ের সময় কোরবান আলী ও আবু সামা নামের দুজনকে আটক করেছে পুলিশ।প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল। হরতালে জেলা শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে উপজেলাগুলোতে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল।শহরের এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা, অটোরিকশার চলাচল স্বাভাবিক ছিল।সিরাজগঞ্জ সদর সার্কেলের উপপরিদর্শক (এএসপি) এহসানুল কবির প্রথম আলো ডটকমকে জানান, জেলার সার্বিক হরতাল-পরিস্থিতি স্বাভাবিক ছিল।