ইটনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের ইটনায় ঝানু আক্তার (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গজারিয়াকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ঝানু আক্তারের বিয়ে হয় একই এলাকার গোলাম কাওসারের সঙ্গে। কিছুদিন আগে শ্বশুরের কাছ থেকে বাবার জন্য টাকা ধার করে ঝানু আক্তার। সেই টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ঝানুর। আজ সকালে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে স্বামী গোলাম কাওসারসহ শ্বশুরবাড়ির লোকজন ঝানু আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।