ইটভাটা খেয়ে ফেলছে কৃষিজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া অঞ্চলে দিনে দিনে বাড়ছে ইটভাটা। ফলে একদিকে যেমন কমছে ফসলি জমি, তেমনি ইট তৈরির জন্য কৃষি জমির মাটির উপরিভাগ কেটে নেওয়ায় ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তা ছাড়া জনবসতি এলাকায় ইটভাটা গড়ে ওঠায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি। ইট পোড়ানোর ধোঁয়ায় পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। ফলজ ও বনজ বৃক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার ১৩০টি ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। সরেজমিনে জানা গেছে, কৃষকের অসহায়ত্ব ও সরলতাকে পুঁজি করে ইটভাটার মালিকেরা ফসলি জমির মাটি কিনে নিচ্ছেন। বগুড়া জেলায় গড়ে ওঠা ইটভাটার পার্শ্ববর্তী জায়গার জমির মাটি কাটা হচ্ছে অবাধে। ইটভাটায় ব্যবহূত মাটির অধিকাংশই এঁটেল, দোআঁশ বা বালি দোআঁশ (ফসলি) মাটি। বগুড়ায় লাল মাটির ইট চলে বেশি। দামও অন্য ইটের চেয়ে বেশিই। বগুড়ার ১২টি উপজেলার ইটভাটাগুলোয় ব্যাপকভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার করা হচ্ছে।পরিবেশ আইন ২০০৫ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতির তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ ও কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বাস করে)। এ ছাড়া ইটভাটার নিয়ম অনুযায়ী নির্গত ধোঁয়া বের হওয়ার জন্য ব্যবহূত চিমনির উচ্চতা অন্তত ১২০ ফুট হতে হবে। অথচ ইটভাটার মালিকেরা কোনো নিয়মই মানছেন না। ইটভাটাগুলোর কারণে পার্শ্ববর্তী বাড়িঘরগুলোয় বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। এসব বাড়িঘরের দরজা-জানালা সব সময় বন্ধ রাখতে হয়। ইটভাটার আশপাশের গাছপালারও বৃদ্ধি কমে গেছে। সেই সঙ্গে ফলের উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। বগুড়ার চণ্ডীহারা, সাজাপুর, বেতগাড়ি, সাবগ্রাম, মহাস্থান, শেরপুর, মাদলা, মোকামতলা, ছোনকা, মহিপুর, দুপচাঁচিয়া, কাহালু, গাবতলী, উপজেলার গ্রাম এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব ইটভাটার জন্য মাটি নেওয়া হচ্ছে ফসলি জমি থেকে। মাটি কেটে নেওয়া ফসলি জমিগুলো নিচু হয়ে যাওয়ায় বর্ষার সময় পানি আটকে থাকছে।ইটভাটার কালো ধোঁয়ায় বগুড়ার চণ্ডীহারার ১২ বর্গকিলোমিটার এলাকার ২০টি গ্রামের মানুষের জীবন কাটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মধ্যে। এসব গ্রাম এখন বৃক্ষশূন্য। চণ্ডীহারার ইটভাটা এলাকা সরেজমিনে দেখা গেছে, ইটভাটার মালিকদের কারণে সেখানকার মানুষ এখন আর আবাদের দিকে ঝুঁকতে পারছে না। জমিতে ফসল না হওয়ায় তারা এখন বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে জমি ভাড়া খাটানোকে। বছরে ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে তারা ইটভাটার মালিকের কাছে জমি ভাড়া দিচ্ছে। এলাকা ঘুরে দেখা গেছে, চণ্ডীহারাকেন্দ্রিক ১২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে রয়েছে তিনটি উপজেলার প্রায় ২০টি গ্রাম। বগুড়া সদর, শিবগঞ্জ ও গাবতলী উপজেলার এসব গ্রামের আশপাশেই গড়ে উঠেছে প্রায় ৪০টি ইটভাটা। এসব এলাকার মানুষ একসময় কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করত। এখানে সবচেয়ে বেশি হতো কলা চাষ। যে কারণে একসময় কলার হাট গড়ে উঠেছিল বগুড়ার চণ্ডীহারায়। এখন কলার উৎপাদন কমে যাওয়ায় হাটে আর কলা বিক্রি হয় না। এলাকাবাসীর কলার প্রয়োজন মেটে বাইরে থেকে। কারণ জানতে কলাচাষি মোহাম্মদ আলীর কাছে গেলে তিনি দেখান তাঁর জমিতে লাগানো কলাগাছের অবস্থা। তিনি জানান, গাছ লাগানোর পর যখন চারা সজীব হয়ে বেড়ে উঠতে শুরু করে, ওই সময় ভাটার ধোঁয়া ও তাপ এসে কলার পাতা পুড়িয়ে দেয়। ফলে শুধু গাছ বেড়ে ওঠে কিন্তু পাতা বা ফল কিছুই হয় না। একই অবস্থা জমসেদ আলী ও মাহবুবর রহমানসহ বেশ কয়েকজন কলাচাষির। চণ্ডীহারা বন্দর সংলগ্ন নাজিম উদ্দিনের বাসায় লাগানো চারটি নারকেল ও ১০টি সুপারিগাছের পাতাও পুড়ে গেছে ইটভাটার ধোঁয়া ও তাপে। সেগুলোতে ফুল এলেও কোনো ফল ধরে না। শহরের বেজোড়া, ভাটকান্দি, সাজাপুর, সুজাবাদ ও সাবগ্রাম এলাকায় এসব ভাটার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এসব এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভূমালিক তাঁদের জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিয়েছেন। সুজাবাদ এলাকার চাষি রমজান আলী বলেন, নগদ টাকা পাওয়া যায়। তা ছাড়া যে ফসল হয়, তা থেকে যে টাকা পাওয়া যায়, তার চেয়ে বেশি মাটি বেচে পাওয়া যায়। এদিকে লাভা ব্রিকস ইটভাটার মালিক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করি ভিটে বা উঁচু জায়গার মাটি কিনতে। ফসলি জমির মাটি সহজে নেওয়া হয় না। তা ছাড়া সরকার যে নীতিমালা করেছে, তাতে তো ইটভাটা করাই যাবে না।’ শাহরিয়ার হোসেন আরও বলেন, সরকার কড়াকড়ি আরোপ করায় প্রতিটি চিমনি এখন ১২০ ফুট করা হয়েছে। এ ব্যাপারে বগুড়া জেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি সরকার বাদল বলেন, ‘আমরা চেষ্টা করি, যাতে করে পরিবেশ দূষণ না হয়। তবে সরকারি যে নীতিমালা রয়েছে, কাজের স্বার্থে হয়তো অনেক সময় তা পালন করা সম্ভব হয় না। জনবসতিপূর্ণ এলাকায় নিয়ম মেনেই ইটভাটাগুলোয় কাজ করা হচ্ছে।’ ইটভাটা মালিক সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, বগুড়া জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। সরকার ইটভাটা বা ইট পোড়ানো যে নীতিমালা করেছে, তা বাস্তবসম্মত নয়। সে জন্য এই নীতিমালা পরিবর্তনের জন্য সমিতি বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে কিছু সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। বগুড়ার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, ফসলি জমির উপরিভাগ মাটি কেটে নেওয়ায় ফসল উৎপাদন ১৭ থেকে ৩৫ ভাগ কমে যাচ্ছে। মাটির উর্বরতাসহ প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হচ্ছে। জমির মালিক ও কৃষকেরা যদি সচেতন হন, তবে তারা এই ভয়াবহ অবস্থা থেকে বেড়িয়ে আসতে পারবে। বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বলেন, ইটভাটার বড় সমস্যা হলো চিমনিগুলো। তবে বর্তমানে সমস্যা অনেকটা কমে গেছে। বগুড়া কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ হোসেন বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় ওই জমিতে ফসল উৎপাদন অনেক কম হবে। তিনি এসব মাটি কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের এখানে কোনো কিছু করার নেই। প্রতিবছর ৫০ একর জমি নষ্ট হচ্ছে ইটভাটার জন্য। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, অনুমতি ছাড়া বা অনুমতি নিয়েও যাঁরা শর্ত ছাড়া ইটভাটা চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে অনেক সময়ই কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কারণ, ইটভাটা-সংক্রান্ত যাবতীয় অপরাধের বিচার পরিবেশ আইনে হয়ে থাকে। কিন্তু পরিবেশ আইনের আওতায় এখানে কোনো আদালত নেই। এ ছাড়া মামলা করা নিয়েও রয়েছে নানা জটিলতা। পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক বলেন, লাইসেন্স দেয় জেলা প্রশাসন এবং অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর। তাদের হিসাব অনুযায়ী বগুড়াসহ তার আশপাশের সব ইটভাটার অনুমোদন রয়েছে। বগুড়ার ১২টি উপলোয় ১২১টির মতো ইটভাটা রয়েছে।