ইটভাটা বন্ধ, অপরাধী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাটে ধলেশ্বরীর শাখানদীতে নির্মাণাধীন ইটভাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন র‌্যাব-পুলিশের সহায়তায় গতকাল বুধবার সকালে ইটভাটা বন্ধ করে দেয়। ফলে শাখানদীটি মুক্ত হতে চলেছে।এ মাসের শুরু থেকে সেখানে ৫০ বছরের পুরোনো খেয়াঘাট সরিয়ে দিয়ে নদীর জায়গায় বাঁধ দিয়ে ইটভাটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল এমবিসি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। গতকাল প্রথম আলোয় ‘নদী ভরাট করে ইটভাটা!’ শিরোনামে এ-সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।অভিযানের সময় ঘটনাস্থল থেকে নদী ভরাট ও দখলকারী প্রতিষ্ঠান এমবিসি ইটভাটা কোম্পানির ব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদারকে (৫৫) এবং পরে মালিক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন মোল্লাকে (৫৩) গ্রেপ্তার করা হয়। নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ইটভাটার মালিককে ১৪ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর অংশ বা তীর ভরাট বা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এ ধরনের নির্মাণ জলাধার সংরক্ষণ আইন (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ আইনেরও (১৯৯৫) পরিপন্থী। এর পরও ধলেশ্বরীর শাখানদীর তীরে ইটভাটার নির্মাণকাজ চলছিল। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট এলাকায় সবার চোখের সামনে এমবিসি ইট কোম্পানি ইটভাটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল।অবৈধভাবে নদীর অংশ ভরাট করার দায়ে গতকাল সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান পুলিশের সহায়তায় প্রথমে ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় সেখানে কর্মরত আনোয়ার হোসেন (২৫) ও মো. জামাল (১৮) নামের দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এরপর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনাস্থলে যান। অবৈধভাবে নদীর তীর ভরাট এবং ইটভাটার নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ইটভাটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন মোল্লাকে না পেয়ে ব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। আর মালিককে বিকেলের মধ্যে পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার রায়হান খান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার উপস্থিত ছিলেন।ঘটনাস্থলে নির্মাণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে বলা হলে ব্যবস্থাপক তা দেখাতে পারেননি।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, ছয় একর আয়তনের এই ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নেই।মালিকের আত্মসমর্পণ, পরে গ্রেপ্তার: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ইটভাটার মালিক মোসলেম উদ্দিন মোল্লা পরিবেশ অধিদপ্তরে গিয়ে পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর কাছে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোসলেম উদ্দিন মোল্লা এ সময় হাতজোড় করে ক্ষমা চান এবং এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। তাঁর কাছ থেকে জরিমানার পুরো টাকা আদায় করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভরাট করা নদী পুনঃখনন করে নদীর প্রাকৃতিক অবস্থা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকারনামাও নেওয়া হয়।স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: গতকাল সকাল থেকে মোল্লারহাট নদীপাড়ে ছিল মানুষের ভিড়। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযানে যাওয়ার পর খেয়াঘাটের মাঝি, যাত্রী এবং এলাকার দেড় শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। অভিযানকারী দল সবাইকে বোঝানোর চেষ্টা করে যে নদীর জায়গা কোনো অবস্থাতেই দখল করতে দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে ইটভাটা নির্মাণও করা যাবে না। পরে জনগণ এই অভিযানকে স্বাগত জানায়। জনসাধারণের উপস্থিতিতে নদীদূষণ ও দখলমুক্ত করতে ‘ধলেশ্বরী নদী দখল ও দূষণ প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। ১১ সদস্যের কমিটিতে স্থানীয় ইট ব্যবসায়ী ন্যাশনাল ব্রিক ফিল্ডের মালিক হাজি মো. ইয়াকুবকে সভাপতি ও আবু তালেবকে সাধারণ সম্পাদক করা হয়। অভিযানকারীরা অন্য ইটভাটার মালিকদেরও নদী ভরাট ও দখলের সঙ্গে জড়িত না থাকার আহ্বান জানান।জব্দ: পরিবেশ অধিদপ্তরের দল ঘটনাস্থলে নদী দখল ও ভরাটকাজে ব্যবহূত ইমরান ড্রেজিং অ্যান্ড কোম্পানির একটি বড় খননযন্ত্র বা ড্রেজার, বালুবোঝাই একটি বড় ট্রলার, খননকাজে ব্যবহূত প্রায় ১০ টন ওজনের ২৪টি পাইপ, দুই টন কয়লা ও ১০ লাখ ইট জব্দ করে।সন্ধ্যায় যোগাযোগ করা হলে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, এমবিসি ইটভাটা কোম্পানির মালিককে গ্রেপ্তার অবস্থাতেই রাখা হয়েছে। তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাঁর সামনেই ভরাট জায়গা উদ্ধার করা হবে। মালিকের খরচেই ভরাট স্থান থেকে মাটি ও ভাঙা ইট অপসারণ করে পুরো জায়গা দখলমুক্ত করা হবে।মোসলেম উদ্দিন মোল্লা এলাকারই লোক: মোসলেম উদ্দিন মোল্লার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাট এলাকাতেই। অতীতেও তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধলেশ্বরী নদী ও শাখানদী ঘিরে এলাকায় ইটভাটা নির্মাণের যে একটি চক্র রয়েছে, তিনি সেই চক্রেরও সদস্য। যদিও অধিদপ্তরের জেরার মুখে তিনি চক্রের অন্য কোনো নেতা বা সদস্যের নাম উচ্চারণ করেননি।স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা এলাকা পরিদর্শনে গিয়ে মোসলেম উদ্দিন মোল্লার ইটভাটা নির্মাণের বিষয় জানতে পারেন। কিন্তু ওই কর্মকর্তা তাঁকে এ কাজ থেকে নিবৃত্ত করার কোনো চেষ্টা না করে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সাহস জোগান। মোসলেম উদ্দিন মোল্লা গতকাল পরিবেশ অধিদপ্তরের কাছে স্বীকার করেন, তাঁর ইটভাটা করার বৈধ কোনো কাগজপত্র নেই।