ইটভাটায় অবাধে পুড়ছে কাঠ!
পাবনার বিভিন্ন এলাকায় ইটভাটাগুলোতে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। বেশ কিছু ইটভাটা চলছে অনুমোদনহীন ড্রাম, চিবনি ও পরিবেশ ছাড়পত্র ছাড়া। অপরিকল্পিতভাবে ইটভাটা করায় বিনষ্ট হয়েছে প্রায় ৫০০ একর ফসলি জমি। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে কয়েকটি এলাকার মানুষ। ভ্রাম্যমাণ আদালত ১ ডিসেম্বর সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকোশাখালী ও চরশিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলার নয় উপজেলায় মোট ৮২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সরকারিভাবে অনুমোদন রয়েছে মাত্র ৪৪টির। এসব ইটভাটার মধ্যে পাবনা সদর উপজেলায় রয়েছে ১৬টি, ঈশ্বরদীতে সাতটি, সুজানগরে সাতটি, বেড়ায় তিনটি, আতাইকুলায় একটি, ভাঙ্গুড়ায় চারটি, সাঁথিয়ায় দুটি, ফরিদপুরে দুটি ও চাটমোহরে দুটি। এর বাইরে জেলার বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই চলছে আরও ৩৮টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোদন নেই এদের। এর মধ্যে জেলার সদর উপজেলায় চারটি, আটঘরিয়ার একটি এবং ঈশ্বরদীর একটি ইটভাটায় ব্যবহার হচ্ছে অবৈধ ড্রাম, চিবনি।সরেজমিনে দেখা যায়, জেলার ইটভাটাগুলোর অধিকাংশই লোকালয়ে এবং ফসলি মাঠের মাঝে গড়ে তোলা হয়েছে। ইটভাটার মালিক সূত্রে জানা গেছে, একেকটি ভাটায় ব্যবহার হয়েছে প্রায় পাঁচ থেকে সাত একর ফসলি জমি। সে হিসাবে জেলার প্রায় ৫০০ একর ফসলি জমি বিনষ্ট হয়েছে। যেসব লোকালয়ে ইটভাটা গড়ে তোলা হয়েছে, সেখানে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে এলাকাবাসী। পাবনা সদর উপজেলার হেমাইতপুর, দোগাছি, চরকোশাখালী, চরশিবরামপুরসহ যেসব এলাকায় ইটভাটা রয়েছে, দেখা গেছে সে এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার অধিকাংশ ফলদ ও বনজ বৃক্ষ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফসলি জমিগুলোতে ভালো ফসল হচ্ছে না। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।এ বিষয়ে চিকিৎসক ক্যাপ্টেন (অব.) সরওয়ার জাহান ফয়েজ বলেন, জনবসতি এলাকায় ইটভাটা করা হলে ধোঁয়ায় বাতাস দূষিত হয়। বাতাসে অক্সিজেনের মাত্রা কমে কার্বন-ড্রাই অক্সাইড বেড়ে যায়। এতে এজমা, নিউমোনিয়া, হাঁপানি, প্রেট্রিক আলসার ও ব্রঙ্কাইটিয়াসিসসহ চোখের বিভিন্ন রোগ হতে পারে। এ ছাড়া যাঁরা উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন, তাঁদের অসুস্থতা আরও বেড়ে যায়। ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই কোনো আবাসিক বা জনবসতিপূর্ণ এলাকায় ধোঁয়া তৈরি করে এমন কোনো কাজ করা উচিত নয়।এদিকে হাতেগোনা দু-তিনটি বাদ দিয়ে বৈধ, অবৈধ প্রতিটি ইটভাটায়ই অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এলাকাবাসী জানান, প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ইঞ্জিনচালিত নসিমন-করিমনে শত শত মণ কাঠ আসে ইটভাটায়। ভাটার চারপাশে স্তূপ করে রাখা হয় সেগুলো। অবাধে তা পোড়ানো হয়। ভাটার মালিকদের তথ্য অনুযায়ী, জেলার ইটভাটাগুলো এ বছর ৩০ থেকে ৪০ লাখ ইট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে। প্রতি লাখ ইট পোড়াতে প্রায় ৩০ মণ হিসাবে জেলার ৮২টি ইটভাটায় এ বছর প্রায় ৭৫ হাজার মণ কাঠ পোড়ানো হবে।এই কাঠ পোড়ানো রোধে ১ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকোশাখালী ও চরশিবরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় চারটি ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, প্রশাসন ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো বন্ধে সচেষ্ট রয়েছে। বেশ কয়েকবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। কাঠ পোড়ানোর অভিযোগে ১ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার চরকোশাখালী ও চরশিবরামপুর এলাকার মো. আলী হোসেন, মো. হান্নান, আবদুল করিম ও দেলোয়ার হোসেনের চারটি ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, জরিমানা আদায়ের পরও ভাটার মালিকেরা কাঠ পোড়ানো বন্ধ করছেন না। তবে এ বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঠ পোড়ানো বন্ধে প্রতি সপ্তাহে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কাঠ পোড়ানো অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের জানান, কয়লা দিয়ে ইট পোড়াতে বেশি খরচ হয়। অধিকাংশ ইটভাটাই অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে। ফলে তাদের পক্ষে কয়লা দিয়ে ইট পোড়ানো সম্ভব হয় না। তারা কাঠ দিয়েই ইট পোড়ায়। তবে সমিতির পক্ষ থেকে সব ভাটামালিককে কাঠ পোড়াতে নিষেধ করা হয়েছে। অনেক ভাটামালিকই এখন কাঠের পরিবর্তে কয়লা দিয়ে ইট পোড়াতে শুরু করেছেন।অনুমোদনবিহীন ইটভাটা, ড্রাম, চিবনি ব্যবহার এবং লোকালয়ের তৈরি ইটভাটা বিষয়ে তিনি সত্যতা স্বীকার করে বলেন, অনেক স্থানেই ভাটা তৈরির পর লোকালয় গড়ে উঠেছে। এখানে ভাটার মালিকদের কিছুই করার নেই।