ইটভাটায় পুড়ছে ‘ভীমের জাঙ্গাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাজার বছরের পুরোনো ‘ভীমের জাঙ্গাল’ ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঐতিহ্যবাহী এ স্থানের ঢিবি কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। কেটে ফেলা হচ্ছে অসংখ্য গাছ। দুই মাস ধরে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে মাটি কাটার কাজটি করাচ্ছেন উপজেলার শব্দলদীঘি গ্রামের এক মাটি ব্যবসায়ী।ইতিহাসবিদ প্রয়াত কাজী মোহাম্মদ মিছেরের লেখা রাজশাহীর ইতিহাস গ্রন্থে বলা হয়েছে, আড়াই হাজার বছর আগে গড়ে উঠেছে পুণ্ড্রনগর, আজকের মহাস্থানগড়। আরও পরে খ্রিষ্টীয় একাদশ শতাব্দীতে এর পাশ দিয়ে গড়ে ওঠে একটি সড়ক ‘ভীমের জাঙ্গাল’, যা এ উপমহাদেশের প্রাচীন স্থাপনার একটি। সড়কটি সিরাজগঞ্জের সীমানা থেকে শুরু হয়ে ক্রমশ উত্তর দিকে বগুড়া শহরের মধ্য দিয়ে শিবগঞ্জ উপজেলা হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট অবধি চলে গেছে। সমতল থেকে সড়কটির উচ্চতা ছিল ৩০-৩২ ফুট। প্রস্থে স্থানবিশেষে ৬০-৭০ ফুট।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে রায়নগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পূর্ব পাশ দিয়ে প্রসারিত ভীমের জাঙ্গালের একটি অংশ শ্রমিকেরা কোদাল দিয়ে কেটে মাটি ট্রাকে তুলছেন। সাধারণত লোকজনের চলাচল কম এমন একটি জায়গা কাটার জন্য বেছে নেওয়া হয়েছে। স্থানটি মহাস্থানগড় থেকে সাত-আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।স্থানীয় লোকজন জানান, শিবগঞ্জে জাঙ্গালের যে অংশটুকু পড়েছে, তার পুরোটাই ব্যক্তি-মালিকানাধীন। দুই মাস ধরে ৫০-৬০ জন শ্রমিক কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছেন। ভোর থেকে কাজ শুরু হয়। টিলা কেটে প্রতিদিন ৭০-১০০ ট্রাক মাটি উপজেলার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়। প্রতি ট্রাক মাটির জন্য ভাটার মালিকদের ১৫০ টাকা করে দিতে হয়। মাটি কাটার কাজটি করাচ্ছেন শব্দলদীঘি গ্রামের ইন্দাস আলী। তিনি এলাকায় মাটি বিক্রেতা হিসেবে পরিচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি আজই প্রথম শুনলাম। ভীমের জাঙ্গালের একটা বড় ঐতিহ্য রয়েছে। ব্যক্তিমালিকানার হলেও তা কাটার আগে অনুমতি নিতে হবে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে দ্রুত বিষয়টি দেখছি।’শ্রমিকেরা জানান, শ্যামপুর গ্রামের ভীমের জাঙ্গালের যে স্থানে তাঁরা মাটি কাটছেন সেটির মালিক একই গ্রামের মন্তেজার রহমান ও আশরাফ আলী। তাঁরা শুধু জমির মাটিটুকু বিক্রি করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘চোখের সামনে আমাদের ইতিহাসের অংশ ভীমের জাঙ্গালকে বিলীন করে ফেলা হচ্ছে। ইতিহাসকে জ্বালানো হচ্ছে ইটভাটায়। কিন্তু স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ একই গ্রামের আজাহার আলী বলেন, ‘ইন্দাস আলী শ্রমিকদের লাগিয়ে ভীমের জাঙ্গালের মাটি কেটে নিচ্ছেন। সবকিছুই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়।’ রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। আর যেন মাটি কাটা না হয় সেদিকে নজর রাখবেন।শিবগঞ্জের কিচক ইউনিয়নে অবস্থিত মুন্নী ব্রিকসের মালিক শাহজাহান চৌধুরী জানান, তাঁরা মাটির জন্য ইন্দাস আলীকে টাকা দেন। তবে ইন্দাস আলী কোত্থেকে মাটি দেন তা জানেন না।মাটি বিক্রেতা ইন্দাস আলী বলেন, ‘আমি মানুষের কাছ থেকে টাকা দিয়ে ব্যক্তিমালিকানার জায়গা কিনে নিই। তারপর মাটি কেটে বিক্রি করি। ওটা ঐতিহ্যবাহী জাঙ্গাল কি না, তা আমার জানা নেই।’ তিনি দাবি করেন, শ্যামপুর গ্রামের ১৫ শতাংশ জায়গা তিনি ৫৫ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন। এ ব্যাপারে জমি বিক্রেতাদের বক্তব্য জানা যায়নি।শিবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান জানান, তিনি এ থানায় নতুন এসেছেন। এ সময়ের মধ্যে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।