ইটভাটায় বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম বগুড়ার নাগর নদের তীরবর্তী এলাকাজুড়ে দুপচাঁচিয়া-কাহালু উপজেলার ফসলি জমির ওপরিভাগের মাটি (টপ-সয়েল) কাটা হচ্ছে প্রতিদিন। এসব মাটি ব্যবহার করা হচ্ছে এলাকায় অবস্থিত ১২-১৩টি ইটভাটায়। এতে পলি মাটির এসব উর্বরা জমিতে ফসল উত্পাদন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।নাগর নদের তীরবর্তী দুপচাঁচিয়া উপজেলার নিমাইকোলা, যোগীপোতা, ধাপসুখানগাড়ি, বোরাইপাড়া, পদ্মপুকুর, গয়াবান্দা, তালোড়া সরঞ্জাবাড়ী, দোগাছি এবং কাহালু উপজেলার ত্রিমোহনী, কালাই, বীর কেদার খাঁর চক, বীর কেদার বারোমাইল, নয়াপাড়া, কাশিমালা, নিশিন্দারায় ১২-১৩টি ইটভাটা গড়ে উঠেছে। ভাটাগুলোয় প্রতিদিন কয়েক লাখ ইট তৈরি করা হয়ে থাকে। ভাটায় ইট তৈরির জন্য পর্যাপ্ত মাটির প্রয়োজন হয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ফসলি জমির ছয় ইঞ্চি উপরিভাগের টপ-সয়েলের মধ্যে জৈব পদার্থ, গাছের খাদ্য ও উপকারী ব্যাকটেরিয়াসহ ১৭ ধরনের মৌলিক পদার্থ রয়েছে। বিশেষ করে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি। জমির টপ-সয়েল কাটার ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। জমির মালিক বীর কেদার মিয়াপাড়া গ্রামের বাদশা মিয়া বলেন, ‘হামার (আমার) জমির আশপাশের জমিওয়ালা আগেই মাটি বিক্রি করে চারদিকে গর্ত করিচে। হামার উঁচা জমিত পানি না থাকায় এবার ইরি আবাদ কর্যা ধান পাইনি। তাই বাধ্য হয়্যা জমির মাটি বিক্রি করিচি।’মাটি সরবরাহকারী ঠিকাদার কাহালুর নয়াপাড়া গ্রামের আলতাফ আলী বলেন, ‘হামরা কাউকে লোভ দিই না। জমিওয়ালা মাটি বেচলে (বিক্রি) হামাকেরে লিতে (নিতে) অসুবিধা কুটি (কোথায়)। এডা তো হামার ব্যবসা।’ধাপসুখানগাড়িতে অবস্থিত এলপিকে মার্কা ইটভাটা-ব্যবসায়ী ইয়াছিন আলী বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বাড়লেও নির্মাণকাজ কমেনি। প্রতিদিন সব ভাটায়ই ট্রাক ট্রাক ইট বিক্রি হচ্ছে। এখন ইটের দামও দ্বিগুণ। এসব ইট তৈরির জন্য প্রচুর মাটির প্রয়োজন।’দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, ভাটাগুলোয় জমির টপ-সয়েল ব্যবহার করায় জমির উর্বরতা শক্তি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। জমির টপ-সয়েল কাটার ফলে ওই জমিতে কোনো ফসল উত্পাদন করা সম্ভব নয়।