ইটিপি না চলায় দূষণে জর্জরিত তুরাগ ও জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানার মালিকেরা কারখানায় বর্জ্য পরিশোধনাগার বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) সচল না করায় শিল্পবর্জ্যে প্রতিনিয়ত দূষিত হয়ে চলেছে রাজধানীসংলগ্ন তুরাগ নদ। মাঝেমধ্যে পরিবেশ কর্তৃপক্ষের অভিযান ও হুঁশিয়ারি সত্ত্বেও বাস্তবতা হচ্ছে নদীদূষণ মোটের ওপর নির্বিঘ্নে চলছে। নদীর অবস্থা করুণ থেকে করুণতর হওয়ার পাশাপাশি নানাভাবে এলাকার জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।পরিবেশ অধিদপ্তরের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, তুরাগে পড়া তরল শিল্পবর্জ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্য। বিশেষজ্ঞরা বলেন, অক্সিজেনহীন ওই তরল বর্জ্য পরিবেশ ও প্রতিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিপন্ন কৃষি: নদীর অব্যাহত দূষণে জলজ প্রাণীর ক্ষতি ছাড়াও এলাকার কৃষির মারাত্মক ক্ষতি হচ্ছে। অনেক স্থানে খেতে নদীর দূষিত পানি জমে থাকছে বা তা সেচে ব্যবহূত হচ্ছে। দেখা গেছে, রাজধানীসংলগ্ন আশুলিয়া এলাকার কুমকুমারী, খাগান ও বাসাইত গ্রামের কৃষকেরা জমিকে বর্জ্য থেকে বাঁচাতে খেতে খাল কেটে বা বাঁধ দিয়ে শিল্পবর্জ্য তুরাগের দিকে নামিয়ে দিচ্ছে। কারখানার অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি বা ঘুরপথে নদীতে যাওয়া তো আছেই। এর পরিণতিতে তুরাগ স্থানে স্থানে কালো ও দুর্গন্ধ জল বহনকারী এক প্রশস্ত নর্দমার রূপ নিয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, তুরাগে এখন যেভাবে দূষণ ছড়িয়ে পড়ছে তা চলতে থাকলে নদীর পানি এবং এর তীরের মানুষসহ জমি ভয়াবহ হুমকির মুখে পড়বে। ইতিমধ্যে কৃষিজমি ও ফসল ধ্বংসের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মজিদ বলেন, ‘অনেক কারখানায় ইটিপি আছে। কিন্তু এগুলো চালায় কি না আমরা জানি না। তবে ইটিপি সচল থাকলে এই অবস্থা হতো না। এ কারণেই গ্রামবাসী জমি ও ফসল বাঁচাতে খাল কেটে কালো পানি তুরাগের দিকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে।’ তুরাগ তীরবর্তী আশুতিয়া, ধউর, নয়নীতলা, শুক্লাভাঙ্গা, নয়ানগর, দিয়াবাড়ী, রানাভোলা, চণ্ডালমুখ, নলভুক, বাইলঝুড়ি, যাত্রাবাড়ী, পাকুরিয়া, দলিপাড়া, কামারপাড়া, বাটুলিয়া, ফুলবাড়িয়া, রাজবাড়ী ও বাদলদির কৃষকরা শিল্পবর্জ্যের অসহায় শিকার। তারা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে একের পর এক অভিযোগও দায়ের করছেন। কিন্তু পরিস্থিতির দৃষ্টিগ্রাহ্য কোনো উন্নতি নেই।ইটিপি আছে, কিন্তু বন্ধ: সম্প্রতি ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আশুলিয়ার তিনটি গ্রাম কুমকুমারী, খাগান এবং বাসাইত ঘুরে দূষণের ভয়াবহ ছবি চোখে পড়ে। কুমকুমারী গ্রামের কারখানা থেকে নির্গত লাল, নীল ও কালো বর্ণের তরল বর্জ্য বিশাল এলাকা প্লাবিত করে ছড়িয়ে পড়ছে।পরিবেশ অধিদপ্তরের একটি দল ১২ ফেব্রুয়ারি মোজার্ট ও সিমটেক্স নামের দুটি কারখানায় এক দিনেই এক লাখ ৪৫ হাজার ২০০ ঘনমিটার দূষিত তরল বর্জ্য নিঃসরণের ঘটনা উদ্ঘাটন করে। তাদের ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।মোজার্ট গার্মেন্টসের মালিক নাজমুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের ইটিপি ২৪ ঘণ্টা সচল রাখা হয়। তবে পরিবেশ অধিদপ্তরের অভিযানের দিন কারিগরি ত্রুটির জন্য তাঁদের বর্জ্য দূষণমুক্ত ছিল না। নাজমুল আলম বলেন, তাঁরা ইটিপি চালু রাখলেও এলাকার অন্যান্য কারখানায় ইটিপি অচল থাকায় গ্রামবাসীর সমস্যা হচ্ছে। তিনি বলেন, শুধু মোজার্ট গার্মেন্টস থেকেই প্রতিদিন ৭০০ টন তরল বর্জ্য উৎপাদিত হয়।কুমকুমারী, খাগান ও বাসাইত গ্রামে তৈরি পোশাকশিল্পের প্রায় ৩০টি ছোট-বড় কারখানা রয়েছে। কয়েকজন শিল্পমালিকের সঙ্গে কথা বললে তাঁরা অন্য মালিকদের বিরুদ্ধে ইটিপি চালু না রাখার অভিযোগ করেন।এ ব্যাপারে কুমকুমারী গ্রামের বাসিন্দা আশরাফ উদ্দিন জানান, গ্রামবাসীর অভিযোগের পর পরিবেশ অধিদপ্তর গত ফেব্রুয়ারি মাসে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করলেও ইটিপি অচল করে রাখা এলাকার অন্য কারখানায় কোনো অভিযান চালায়নি। বর্জ্যে যেসব বিষ: পরিবেশ অধিদপ্তর সম্প্রতি আশুলিয়ার কয়েকটি কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি বিশেষজ্ঞ দলও বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, আশুলিয়ার কুমকুমারী গ্রামের দুটি শিল্পকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পরীক্ষা করে দেখা গেছে এতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ছিল শূন্য। মাছসহ জলজ প্রাণীর জীবন ধারণের জন্য দ্রবীভূত অক্সিজেন একটি অত্যাবশ্যকীয় উপাদান। অপরদিকে বাপার ইকবাল হাবিব বলেন, তাঁদের পরীক্ষায় নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ছিল মাত্র দশমিক ৪ থেকে দশমিক ৫ মিলিগ্রাম। তবে নদীর পানিতে এর গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে লিটারে ৫ থেকে ৬ মিলিগ্রাম। তরল বর্জ্যের মধ্যে বিষাক্ত পদার্থ ক্যাডমিয়াম এবং সিসারও (লেড) উপস্থিতি ছিল। এ দুটি পদার্থ নদীর পানি, মানবদেহ ও ভূমির জন্য অত্যন্ত ক্ষতিকর। ইকবাল হাবিব বলেন, শিল্পকারখানার নিষ্কাশন মুখ থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হলেই কারখানা মালিকেরা ইটিপি চালু রাখতে বাধ্য হবেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন, কুমকুমারী গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গ্রামের কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে। গ্রামের সব কারখানা মালিকের উচিত ইটিপি সচল রাখা। যদি কেউ ইটিপি সচল না রেখে কারখানা চালান, তাহলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে পরিবেশ দূষণকারী অন্য কারখানার বিরুদ্ধেও অভিযান চালানো হবে।ইটিপি স্থাপন করেও তা অচল রাখার ব্যাপারে পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’