ইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজস্ব ফাঁকির মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহিরুল হক ২৯ নভেম্বর এ মামলার বিচারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।অভিযোগ পড়ে শোনানোর পর জামিনে থাকা আবদুস সালাম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।গত ১২ আগস্ট এনবিআরের উপকর কমিশনার বজলুর রহমান খান আদালতে মামলাটি করেন।মামলায় অভিযোগ করা হয়, আবদুস সালাম ২০০৬-০৭ করবর্ষে আট কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২৩৪ টাকা এবং ২০০৯-১০ করবর্ষে নয় কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা, অর্থাত্ মোট ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৫৭ টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেন। আসামি তাঁর আয়কর বিবরণীতে ব্যাংকের স্থায়ী আমানতের হিসাব এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ে মূলধনী মুনাফার তথ্য জাল প্রত্যয়ণপত্রের মাধ্যমে গোপন করেন, যা আয়কর অধ্যাদেশ-১৬৫, ১৬৬ ধারায় অপরাধযোগ্য।